
Madhyamik Exam 2025: মাধ্যমিকের বাকি আর মাত্র এক মাস। সেই আবহেই এ বার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল, মাধ্যমিক চলাকালীন ছুটি পাবেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ছুটির আবেদন করতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত। সব শর্ত পূরণ হলে তবেই মঞ্জুর হবে ছুটি।
কলকাতাঃ মাধ্যমিকের বাকি আর মাত্র এক মাস। সেই আবহেই এ বার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল, মাধ্যমিক চলাকালীন ছুটি পাবেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ছুটির আবেদন করতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত। সব শর্ত পূরণ হলে তবেই মঞ্জুর হবে ছুটি।
বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে পর্ষদ। তাতে বলা হয়েছে, যে স্কুলগুলিকে পরীক্ষাকেন্দ্র হিসাবে বাছাই করা হয়েছে, সেই স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপযুক্ত কারণ ছাড়া ছুটি পাবেন না। কেবল মাত্র সন্তান মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হলে ছুটি পাওয়া যাবে। সে ক্ষেত্রে, সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড-সহ যাবতীয় নথি প্রমাণ হিসাবে জমা দিতে হবে। মা এবং বাবার মধ্যে দু’জনেই যদি শিক্ষক বা শিক্ষাকর্মী হন, তা হলে ছুটি নিতে পারবেন কেবল এক জন। পরীক্ষা শুরুর অন্তত তিন সপ্তাহ আগে ছুটির আবেদন করতে হবে। সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী, এমন কোনও শিক্ষক যদি ছুটি না নেন, তা হলে তাঁকে প্রশ্নপত্র খোলা, বিতরণ করা কিংবা পরীক্ষকের দায়িত্ব দেওয়া যাবে না।
উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি। ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে। এর পর ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৫ ফেব্রুয়ারি অঙ্ক, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ তারিখ পদার্থ বিজ্ঞান এবং ২২ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
