Saif Ali Khan Stabbed: ভুল নামে পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা! সইফকাণ্ডে বাংলাদেশ অনুপ্রবেশ যোগ…

Saif Ali Khan Stabbed: ভুল নামে পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা! সইফকাণ্ডে বাংলাদেশ অনুপ্রবেশ যোগ…

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, মুম্বই পুলিস অবশেষে থানে থেকে বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করার কয়েক ঘন্টা পরে জানতে পারে, তিনি নিজেকে সকলের থেকে আড়াল করার জন্য পুলিসকে প্রাথমিকভাবে একটি ভুয়ো পরিচয় দিয়েছিলেন। 

ধৃত হামলাকারী পুলিসকে আগে জানিয়েছিলেন তার নাম বিজয় দাস, সইফের উপর হামলার তিন দিন পর রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। ধৃত হামলাকারী মহম্মদ সরিফুল আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারী। ৫-৬ মাস আগে মুম্বইতে এসেছিলেন তিনি, বিজয় দাস নাম নিয়ে মুম্বইতেই থাকছিলেন বলে পুলিস সূত্রে খবর। ডিসিপি জোন-৬ নবনাথ ধভালের দল এবং কাসারভাদাভালি পুলিসের যৌথ অভিযানে থানের হিরানন্দানি এস্টেটের টিসিএস কল সেন্টারের পিছনে একটি মেট্রো নির্মাণ সাইটের কাছে একটি শ্রমশিবির থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

জিজ্ঞাসাবাদের সময়, একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যক্তির আসল নাম মহম্মদ সরিফুল, বিজয় দাস নয়। ধরা পড়ার ভয়ে সে পুলিসের কাছে মিথ্যা নাম দিয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিস এখন অভিযুক্তের আসল পরিচয় যাচাই করার চেষ্টা করছে। তদন্ত চলছে রাতভোর, এখন এটাই দেখার পরবর্তীতে আর কী কী নতুন তথ্য উঠে আসে। অভিযুক্ত নিজেকে গোপন রাখতে শুকনো ঘাস এবং ঝোপের ভিতরে পাতার নীচে আশ্রয় নিয়েছিলেন, তা একটি ফুটেজে দেখা গেছে বলে জানা যাচ্ছে। তিনি আগে মুম্বইয়ের একটি পাব-এ কাজ করতেন বলে পুলিস সূত্রে খবর।

১৬ জানুয়ারী, অভিনেতা সইফ আলী খান গুরুতরভাবে আহত হন যখন অভিযুক্ত বান্দ্রায় অবস্থিত সইফের বাসভবনে প্রবেশ করেন, প্রায় ২:৩০ এর দিকে বাড়িতে ডাকাতির চেষ্টা করেন তিনি। যখন সইফ তাঁর পরিবারকে বাঁচাতে ঝাপিয়ে পরেন অভিযুক্তর ওপর তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তাঁকে আক্রমণ করেন ছুরি নিয়ে এবং এরফলে ছয়টি ক্ষতর সৃষ্টি হয় সইফের। তা নিয়ে তিনি তাঁর ছোট ছেলের সাহায্যে লীলাবতী হাসপাতালে ভর্তি হন।

খান পরিবারের থেকে পুলিসের কাছে দেওয়া একটি বিবৃতি অনুসারে আক্রমণকারী, সইফ এবং করিনা কাপুর খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন এবং ১ কোটি টাকা মুক্তিপণের দাবিও করেছিলেন বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার ভোররাতে লীলাবতী হাসপাতালে সাইফের অস্ত্রোপচার করা হয় এবং তাঁর পিঠ থেকে অস্ত্রোপচার করে ভাঙা ছুরির টুকরো বার করা হয়। অভিনেতাকে এক সপ্তাহ সম্পূর্ণ বেডরেস্টের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

(Feed Source: zeenews.com)