
Maharashtra Blast News: সাত সকালে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের ওর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং সংলগ্ন গোটা এলাকা। শুক্রবার সকাল ১১টা নাগাদ মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাগপুর: সাত সকালে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের ওর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং সংলগ্ন গোটা এলাকা। শুক্রবার সকাল ১১টা নাগাদ মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এবং উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরাও। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়াও, অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় প্রথম বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে তাঁরা।
বিস্ফোরণের অভিঘাতে ধসে গিয়েছে কারখানার একটি ছাদের অংশ। ওই ছাদের নীচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বার করে আনার চেষ্টা চলছে। কংক্রিটের চাঁই সরাতে আনা হয়েছে জেসিবি। এখনও হতাহতের সংখ্যা স্পষ্ট নয় বলেই জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।(Feed Source: news18.com)
