‘সামনে এসে বলুন, এখনই পদত্যাগ করতে রাজি’, সরকার বাঁচাতে গদি ছাড়তে রাজি উদ্ধব

‘সামনে এসে বলুন, এখনই পদত্যাগ করতে রাজি’, সরকার বাঁচাতে গদি ছাড়তে রাজি উদ্ধব

সংখ্যার নিরিখে যে চাপে আছেন, তা খুব ভালোভাবেই জানেন। সেই পরিস্থিতিতে ‘আবেগ’ কার্ড খেললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ‘বিদ্রোহী’ একনাথ শিন্ডেদের কোর্টে বল ঠেলে বললেন, তাঁর মুখ্যমন্ত্রিত্ব পছন্দ না হলে মুখোমুখি বলতে পারতেন। তিনি নিজেই পদত্যাগ করতেন।

মঙ্গলবার ফেসবুক লাইভে নিজেকে সত্যিকারের শিবসৈনিক তুলে ধরে উদ্ধব বলেন, ‘আমি এখনই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে তৈরি। আমি পদত্যাগ করার পর শিবসেনার কেউ যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। আমি কোনও পদ আঁকড়ে পড়ে থাকতে চাইনি।’

কী কী বললেন উদ্ধব ঠাকরে?

  • উদ্ধব: কেউ কেউ বলছেন যে এটা বালাসাহেব ঠাকরের শিবসেনা নয়। শিবসেনা কখনও হিন্দুত্বের পথ ছাড়বে না।
  • উদ্ধব: কয়েকজন বিধায়কের ফোন পেয়েছি আমরা। তাঁরা বলেছেন যে তাঁদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে।
  • উদ্ধব: কোনও বিধায়ক যদি আমার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে খুশি না হন, তিনি সোজাসুজি আমায় এসে বলতে পারতেন। তিনি বলতেন যে আমি এই পদে থাকার উপযুক্ত নই। আমি পদত্যাগ করতাম। আমি এমন একজন ব্যক্তি নই, যিনি একটা চেয়ারের জন্য পড়ে থাকবেন।
  • উদ্ধব: আমি এখনই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে তৈরি। আমি পদত্যাগ করার পর শিবসেনার কেউ যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। আমি কোনও পদ আঁকড়ে পড়ে থাকতে চাইনি।
  • উদ্ধব: আমি জানি না যে ‘বিদ্রোহীদের’ মধ্যে কতজন আমার বিরুদ্ধে ভোট দেবেন। তবে একটি ভোটও আমার বিরুদ্ধে পড়লে সেটা আমার পরাজয় হবে।
  • উদ্ধব: আমি পদত্যাগপত্র তৈরি আছে। যে নেতারা উধাও হয়ে গিয়েছেন বা যে নেতাদের চলে যেতে বাধ্য হয়েছে, তাঁরা আমার পদত্যাগপত্র নিয়ে রাজভবনে যেতে পারেন। আমি যেতে পারব না। কারণ আমার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।

মহারাষ্ট্রের ‘মহা’ নাটক

মঙ্গলবার গুজরাটের সুরাটে ছিলেন একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামীরা। সেখান থেকে বিজেপি-শাসিত অসমে চলে আসেন। তাঁর দাবি, তাঁর হাতে ৪০ জন বিধায়ক আছেন। যা উদ্ধবের কপালের ঘাম ছোটানোর জন্যে যথেষ্ট। কারণ ৫৬ বিধায়কের দলে ৪০ জন বিধায়ক একনাথের সঙ্গে থাকলে দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে অনায়াসে শিবসেনা থেকে বেরিয়ে আসতে পারবেন একনাথরা। তিনি বলেন, ‘আমরা বালাসাহেব ঠাকরের শিবসেনা ত্যাগ করিনি। আমরা বালাসাহেবে হিন্দুত্বের নীতিকে এগিয়ে নিয়ে যাব।’

(Source: hindustantimes.com)