
নয়া ভূমিকায় মাহি
ক্রিকেটের ২২ গজ থেকে অবসর গ্রহণ করার পর নতুন রূপে দেখা যেতে চলেছে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। হ্যাঁ, সিনেমা জগতে আসতে চলেছেন তিনি। তবে এর আগেই ধোনির বায়োপিক নিয়ে ছবি হয়েছে বলিউডে। সেখানে অবশ্য তিনি সশরীরে অভিনয় করেননি। কিন্তু এবার নাকি সিনেমা জগতের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি হতে চলেছে তাঁর। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত হই-হই কাণ্ড সিনে দুনিয়ায়। তবে এক্ষেত্রে মাহির ভূমিকা হতে চলেছে কিছুটা অন্য, যা এর আগে তিনি কখনও করেননি।

প্রযোজক হিসেবে কাজ করবেন ধোনি
তবে না, কোনও সিনেমার নায়ক হিসেবে নয়, বরং তিনি সিনেমার প্রযোজক হিসেবে কাজ করবেন বলে জানা গিয়েছে। দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গে কাজ করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। থালাপতি বিজয়কে নিজেই একসঙ্গে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন ধোনি। জানা গিয়েছে ইতিমধ্যেই বিজয় সেই অনুরোধ রেখেওছেন। আর এই সিনেমা সম্পর্কে এখনই কিছু ঠিক না হলেও তা নিয়ে জে দর্শক এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে এখন থেকেই তীব্র উৎসাহ তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।

থালাপতি বিজয়ের আগামী ছবি
বর্তমানে থালাপতি বিজয় তাঁর সিনেমা ‘৬৬’এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার সেটি মুক্তি পেয়েছে। এরপরে থালাপতি তাঁর আগামী ছবি ৬৭-এর ঘোষণা করবেন বলে খবর রয়েছে। এবং তারপরেই ৬৮ নিয়ে ভাবনা চিন্তা চলছে। থালাপতি বিজয় ও মহেন্দ্র সিং ধোনির একত্রে কাজ করায় দ্বিগুন ধামাকা দেখতে চলেছেন ভক্তরা, এমনটাই মনে করছেন ক্রিটিকরা। ধোনির সঙ্গে তাঁর কাজ করার বিষয়টি অনেকটাই নিশ্চিত করেছেন থালাপতি বিজয়। কারণ বুধবার থালাপতি বিজয়ের জন্মদিন। তাই জন্মদিনের দিনেই তিনি নিজের আগামী সিনেমার সব সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

ধোনির প্রোডাকশন হাউজ
ক্যাপ্টেন কুল ধোনি প্রোডাকশন নামে নিজের প্রোডাকশন হাউস চালু করার পরিকল্পনা করছেন। তাঁর সঙ্গে বিজয়ের আরও কিছু ছবি এই হাউস থেকেই করার ভাবনা চিন্তা করেছেন। ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। ছিলেন কিয়ারা আদভানি এবং দিশা পাটানিও। ছবিটি ধোনি প্রযোজনা করেননি, করেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার অরুণ পাণ্ডে। এরই পাশাপাশি জানা গিয়েছে ধোনির প্রোডাকশন প্রযোজিত একটি ছবিতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের খ্যাতিমান অভিনেতা নয়নতারাও।
(Source: oneindia.com)
