
সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যাবে না।
বুধবার (২২ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
না যাওয়ার কারণ হিসাবে মির্জা ফখরুল বলেন, ‘যারা মানুষ হত্যা করে, বিশিষ্টদের নদীতে চুবিয়ে মারতে চায়- তাদের আমন্ত্রণে বিএনপি নেতাকর্মীরা যাবেন না।’
পদ্মা সেতুর উদ্বোধনের সময় আমন্ত্রণ পাওয়া এবং যাওয়া বিষয়ে বিএনপির এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রসঙ্গত, সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সূত্রধর বুধবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
আমন্ত্রণপত্রে বিএনপির সাত জন নেতার নাম রয়েছে, তারা হলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। তবে দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে দলের চেয়ারপারসনের নাম নেই বলে জানা গেছে।
(Source: sunnews24x7.com)
