প্রতিরক্ষায় বাজেট বরাদ্দ বাড়ল সামান্যই, খরচ করা হবে ৬,৮১,২১০ কোটি টাকা

প্রতিরক্ষায় বাজেট বরাদ্দ বাড়ল সামান্যই, খরচ করা হবে ৬,৮১,২১০ কোটি টাকা

শনিবার নিজের অষ্টম বাজেট বক্তৃতায় প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ সামান্য বাড়ানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই অনুসারে, ২০২৫ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে বাজেট ধরা হয়েছে – ৬,৮১,২১০ কোটি টাকা। যা গতবার ছিল – ৬.২১ লক্ষ কোটি টাকা।

নির্মলার পেশ করা হিসাব অনুসারে, প্রতিরক্ষা মন্ত্রক সব মিলিয়ে ৬,৮১,২১০.২৭ কোটি টাকা পাবে। তার মধ্যে একটি নির্দিষ্ট অংশ (১,৮০,০০০ কোটি টাকা) খরচ করতে হবে পরিষেবা খাতে।

উল্লেখ্য, গতবারের বাজেটের সময় থেকেই প্রতিরক্ষা ইস্যুতে ভারত সরকার দু’টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। একটি হল – ‘মেক ইন ইন্ডিয়া’ এবং অন্যটি হল – ‘আত্মনির্ভরতা।

এই ভাবনা বা পরিকল্পনার অধীনে গত বছর রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করেছে ভারত। এবং সেই কাজে ভারতীয় প্রযুক্তির বিপুল ব্যবহার করা হয়েছে। যার জন্য খরচ হয়েছে ১.২৬ কোটি টাকা। এবং গতবার ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত রফতানিও বেড়েছে। যার আর্থিক মূল্য ২১,০৮৩ কোটি টাকা।

ভারতের মাটিতে, ভারতীয় প্রযুক্তি ব্যবহার করেই যাতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করা যায়, তার জন্য ইতিমধ্যেই টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। ভারতীয় প্রযুক্তির সাফল্যে প্রমাণ পেশ করেছে ‘জোরাওয়ার’-এর মতো হালকা ওজনের ট্যাঙ্ক।

যদিও এক কিছুর পরও এবছর প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাজেটের মাত্র ২৭.৬৬ শতাংশই মূল খরচ হিসাবে নির্দিষ্ট করা হয়েছে। বাকি অধিকাংশ বরাদ্দ বাহিনীর খরচের জন্য চিহ্নিত করা হয়েছে।

স্থানীয়ভাবে বিভিন্ন সরঞ্জাম নির্মাণ করার জন্য মূল খরচের বরাদ্দ বাড়ানো হয়েছে ৭৫ শতাংশ। যদিও তথ্যাভিজ্ঞ মহল মনে করছে, বিশ্ব বাজারে প্রতিরক্ষা নির্মাণ সংক্রান্ত প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভারতকে নিজস্ব প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডিআরডিও-র প্রতি আরও ইতিবাচক মনোভাব নিয়ে উদ্যোগী হতে হবে।

দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভূরাজনৈতিক কৌশলী এবং ফেস-এর প্রতিষ্ঠাতা ভেলিনা চ্য়াকারোভা। তিনি বলেন, ‘ভারত তার সার্বিক প্রতিরক্ষা বাজেটের মাত্র ১ শতাংশ ডিআরডিও-র জন্য বরাদ্দ করেছে। যেখানে আমেরিকা এই খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে ১৩ শতাংশ। বরাদ্দকৃত অর্থের এই সীমাবদ্ধতার ফলে হাইপারসনিক অস্ত্র, এআই, কোয়ান্টাম প্রযুক্তির মতো অত্যাধুনিক কাজকর্ম থমকে যাবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নির্মলা সীতারামন প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দের পরিমাণ ৫.৯৪ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬.২৪ কোটি টাকা করেছিলেন।

(Feed Source: hindustantimes.com)