Trump Modi meeting: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক, আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

Trump Modi meeting: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক, আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর  হাতেগোনা যে কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হতে চলেছেন নরেন্দ্র মোদি৷

নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প৷ ফাইল ছবি

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ দু দিনের সফরে প্রধানমন্ত্রী মোদি আমেরিকা যাচ্ছেন বলেই সূত্রের খবর৷ সেই সফরেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর৷ বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করার কথা দুই রাষ্ট্রনেতার৷

কয়েকদিন বাদেই প্যারিস সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ দু দিনের প্যারিস সফর শেষ করেই ওয়াশিংটনে পৌঁছবেন ভারতের প্রধানমন্ত্রী৷ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বার আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর  হাতেগোনা যে কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হতে চলেছেন নরেন্দ্র মোদি৷ কয়েকদিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন৷

গত নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কয়েকদিন আগে ট্রাম্প শপথ গ্রহণের পরও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে দীর্ঘ আলোচনা হয়৷

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে বিভিন্ন দেশের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন ট্রাম্প৷ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো ছাড়াও এইচ ওয়ান বি ভিসা নিয়েও কড়াকড়ি করার ইঙ্গিত দেন তিনি৷ এই ভিসার সঙ্গে বহু প্রবাসী ভারতীয়ের স্বার্থ জড়িয়ে৷ ইতিমধ্যেই অনেক দেশের অনুদানও বন্ধ করেছেন ট্রাম্প৷ আমেরিকার স্বার্থ ক্ষুন্ন হলে অন্যান্য দেশের পণ্যের উপরে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ ট্রাম্প চিন, মেক্সিকো এবং কানাডার উপরে ট্রাম্প শুল্ক চাপানোর পরই টাকার দামেও রেকর্ড পতন ঘটে৷

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বরাবরের সুসম্পর্ক৷ ২০২০ সালে ভারত সফরে এসে মোদির রাজ্য গুজরাতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ আবার ২০১৯ সালে আমেরিকার টেক্সাসে হাউডি মোদি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল দুই রাষ্ট্রনেতাকে৷