
Delhi Election 2025 Live Updates: দিল্লির ‘দিল’ জিতবে কে? বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ প্রচারের শেষে আজ দিল্লিতে ভোটগ্রহণ চলছে। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। রাজধানীতে আম আদমি পার্টির (আপ) আধিপত্য বজায় থাকবে নাকি প্রায় তিন দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি নাকি কংগ্রেস কোনও চমক দেবে? সেটা নির্ধারণ হবে আজ। প্রায় ১৪,০০০ বুথে আজ ভোটগ্রহণ। আর সেই দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটদান প্রক্রিয়ার লাইভ ও টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
Delhi Assembly Election 2025 LIVE: পরিবর্তনের মুডে মানুষ, ভোট দিয়ে বললেন জয়শংকর, ভোটদান রাহুলেরও
দিল্লিতে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, ‘আমি বরাবরই সকাল-সকাল ভোট দিই। দিল্লির ভোটার আমি। আমার মতে, জনগণ পরিবর্তনের মেজাজে আছেন।’ তারইমধ্যে দিল্লিতে নির্মাণ ভবনের কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
ভোটদানের পরে মুখ খুললেন কেজরির প্রতিপক্ষ
ভোটদানের পরে নয়াদিল্লির কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত (অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই) বলেছেন, ‘একজন ভোটার হিসেবে ভোটদানের আগে আমি এটা বিবেচনা করে দেখেছি যে কে বিধায়ক হলে আমার কেন্দ্রে ভালোভাবে কাজ করবেন, কোন সরকার ভালো সরকার গঠন করবে। আমি যখন বুথে যাই, তখন আমি স্রেফ একজন ভোটার। ভোটাররা নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কোন মহিলারা দিল্লিকে গড়ে তুলেছেন, সেটা মানুষ স্মরণ করছেন।’
৩ বার সুযোগ পেয়েও যমুনা পরিষ্কার করেননি কেজরি, তোপ বিজেপি প্রার্থীর
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরবেশ বর্মা বলেন, ‘উনি (অরবিন্দ কেজরিওয়াল) বলেছিলেন যে উনি যমুনা নদীকে পরিষ্কার করে দেবেন। কিন্তু কিছু করেননি। আমি মানুষকে আহ্বান জানাব যে তাঁরা যেন বিজেপিকে ভোট দেন। উনি দাবি করেছেন যে যমুনা নদীতে বিষ মিশিয়ে দিয়েছে হরিয়ানা সরকার। উনি তিনবার সুযোগ পেয়েছেন। কিন্তু কিছু করেননি। এবার মানুষ ঠিক করে ফেলেছেন যে বিজেপির সরকার গঠন করবে। নয়াদিল্লি আসনেও পদ্মফুল ফুটবে।’
Delhi Election 2025 Live: ফ্লাইং কিস দিয়েছেন বিধায়ক! ভোটের মধ্যেই থানায় অভিযোগ মহিলার
দিল্লি পুলিশের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আপ বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ তুলেছেন এক মহিলা। সংগম বিহার থানায় দায়ের করেছেন অভিযোগ। বিষয়টি নিয়ে আপাতত আপের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মুখ খোলেননি আপ বিধায়কও।
Delhi Election 2025 Live: পরিবর্তন আসছে দিল্লিতে, দাবি মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষের
ভোটদানের পরে কালকাজির কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা (মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে লড়ছেন) বলেছেন, ‘দিল্লির মানুষ অত্যন্ত উৎসাহী। কারণ তাঁরা পরিবর্তন এবং উন্নয়ন চান। আর এবার কেউ পরিবর্তন রুখতে পারবেন না। তাঁরা দেখেছেন যে শেষ ১০ বছরে কীভাবে দিল্লিকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি আশা করব যে দিল্লির মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দেবেন আর পরিবর্তন নিয়ে আসবেন।’
Delhi Election 2025 Live: ভোটদান শুরু হতেই বুথে হেভিওয়েটরা, দিলেন ভোট
সকাল-সকাল ভোট দিচ্ছেন একের পর এক হেভিওয়েট নেতা। মাদিপুরে ভোট দিতে আসেন কালকাজি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা এবং তাঁর বাবা অমরনাথ লাম্বা। তবে ভিভিপ্যাটে কোনও গোলযোগের জন্য প্রাথমিভাবে ভোটদান প্রক্রিয়া ব্যাহত হয়। পরে ভোট দেন তিনি। অন্যদিকে ময়ূরবিহার ফেজ ১-র বুথে ভোট দিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব এবং তাঁর স্ত্রী।
Delhi Election 2025 Live: সকাল-সকাল ভোট নয়াদিল্লির কংগ্রেস প্রার্থীর
বুথ খুলতেই ভোট দিলেন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। যে কেন্দ্রে ত্রিমুখী লড়াই হচ্ছে। আপের টিকিটে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। আর বিজেপি প্রার্থী হলেন পরবেশ বর্মা। এক দশক আগে ওই আসনে শিলা দীক্ষিতকে হারিয়েই উত্থান হয়েছিল কেজরিওয়ালের।
Delhi Election 2025 Live: ভোটের আগে ঈশ্বরের শরণে দিল্লির নেতারা
ভোটগ্রহণের আগে ঈশ্বরের শরণাপন্ন হন দিল্লির বড়-বড় রাজনীতিবিদরা। মঙ্গলবার সন্ধ্যায় কনট প্লেসের হনুমান মন্দিরে যান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। স্ত্রী ও সন্তানদের সঙ্গে দিল্লিতে ‘সত্যের’ জয় কামনা করেন। অন্যদিকে দক্ষিণ দিল্লির হনুমান মন্দিরে পুজো দেন দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব।
Delhi Election 2025 Live: ‘প্রথমে ভোটদান, তারপর জলপান’, দিল্লির ভোটারদের বার্তা মোদীর
দিল্লিতে ভোটদান প্রক্রিয়া শুরুর ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ দিল্লি বিধানসভা নির্বাচনের সব আসনে ভোটগ্রহণ হবে। আমি এখানকার ভোটারদের আহ্বান জানাচ্ছি যে পূর্ণ উদ্যম নিয়ে তাঁরা যেন গণতন্ত্রের উৎসবে সামিল হন এবং নিজেদের মূল্যবান ভোট দেন। এই বিশেষ মুহূর্তে প্রথমবার ভোটে দিতে যাওয়া যুব প্রজন্মের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে ভোটদান, তারপর জলপান।’
Delhi Election 2025 Live: ভোটগ্রহণ শুরু দিল্লিতে!
দিল্লিতে ভোটগ্রহণ শুরু হয়ে গেল। ৭০টি বিধানসভা আসনের ৬৯৯ জন প্রার্থী ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। সন্ধ্যা ছ’টা পর্যন্ত ভোট দিতে পারবেন মানুষ। তারপর এক্সিট পোলের ফলাফল সামনে আসবে। যা থেকে একটা আভাস মিলবে যে এবার দিল্লির মসনদে থাকবে কোন দল। তবে এক্সিট পোল যে হুবহু মিলে যাবে, তা নয়। এক্সিট পোলে যে আভাস দেওয়া হয়, সেটার পুরো উলটো ফলাফলও হয়ে থাকে আসল গণনা। যা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।
Delhi Election 2025 Live: দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু পুলিশের
ভোটের আগেরদিন (মঙ্গলবার) দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজির আপ প্রার্থী অতিশীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ করার এবং ডিউটিরত সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এক কনস্টেবলকে নিগ্রহ করেছে দুই আপ কর্মী।
Delhi Election 2025 Live: দিল্লির ভোটে ‘ফ্রি’-র ঝড়, পিছিয়ে নেই কোনও দল
কড়া ভাষায় আক্রমণের মধ্যেই অবশ্য ‘ফ্রি’-র ঝড় ওঠে ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াইয়ে। পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস, অটো ও ট্যাক্সি চালকদের জন্য বিমা, পুরোহিতদের মাসিক ১৮,৫০০ টাকা ভাতা প্রদানের মতো প্রতিশ্রুতি দিয়েছে। আবার মুখে ‘ফ্রি’ রাজনীতির বিরোধিতা করলেও অন্তঃসত্ত্বা মহিলাদের ২১,৫০০ টাকা প্রদান, ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার প্রদানের মতো প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস আবার প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় এলে ৮,৫০০ টাকার বেকার ভাতা প্রদান করা হবে।
Delhi Election 2025 Live: দিল্লিতে হাইভোল্টেজ নির্বাচনী প্রচার- কেজরি, মোদী, রাহুল
এবার দিল্লিতে একেবারে হাইভোল্টেজ নির্বাচনী প্রচার চলেছে। নিজেদের সরকারের কাজের মডেলের উপরে জোর দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবং অতিশীর নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)। আবার দুর্নীতি ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপকে লাগাতার আক্রমণ শানিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নড্ডাদের নেতৃত্বাধীন বিজেপি। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে গা-ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কংগ্রেস।
Delhi Election 2025 Live:ড্রোনের নজরদারি, আধাসেনা- দিল্লি ভোটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত
দিল্লিতে ভোটের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ২২০ কোম্পানি আধাসেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দিল্লি পুলিশের ৩৫,৬২৬ কর্মী ও ১৯,০০০ হোমগার্ডও মোতায়েন থাকছেন। প্রায় ৩,০০০ বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, সংবেদনশীল বুথে কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) থাকবে।
Delhi Election 2025 Live: ৭০ আসনের ৬৯৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ দিল্লিতে
একদফায় ভোটগ্রহণ হবে দিল্লি বিধানসভা নির্বাচনে। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোটগণনা হবে। ভোটগ্রহণ হবে মোট ১৩,৭৬৬টি বুথে। মোট ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ভাগ্য নির্ধারণ হবে ৬৯৯ জন প্রার্থীর।
Delhi Voting LIVE: দিল্লির ‘দিল’ জিতবে কে? ৭০ আসনে একটু পরেই শুরু ভোটগ্রহণ
দিল্লির ‘দিল’ জিতবে কে? বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ প্রচারের শেষে আজ দিল্লিতে ভোটগ্রহণ। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। রাজধানীতে আম আদমি পার্টির (আপ) আধিপত্য বজায় থাকবে নাকি প্রায় তিন দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি নাকি কংগ্রেস কোনও চমক দেবে? সেটা নির্ধারণ হবে আজ। প্রায় ১৪,০০০ বুথে আজ ভোটগ্রহণ। আর সেই দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটদান প্রক্রিয়ার লাইভ ও টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
(Feed Source: hindustantimes.com)
