অ্যালয় হুইল ভাল হবে? গাড়ি কেনার আগে এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন

অ্যালয় হুইল ভাল হবে? গাড়ি কেনার আগে এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন

Cars- অ্যালয় হুইল না কি স্টিল হুইল, কোনটা ভাল হবে? গাড়ি কেনার আগে অনেকের মনেই এই প্রশ্নটা জাগে। অ্যালয় হুইলের দাম বেশি।

News18

কলকাতা: অ্যালয় হুইল না কি স্টিল হুইল, কোনটা ভাল হবে? গাড়ি কেনার আগে অনেকের মনেই এই প্রশ্নটা জাগে। অ্যালয় হুইলের দাম বেশি। একটা সময় শুধু স্পোর্টস কার বা প্রিমিয়াম রেঞ্জের গাড়িতেই দেওয়া হত। ইদানীং এন্ট্রি লেভেল এবং মিড রেঞ্জের অনেক মডেলেও অ্যালয় হুইল দেওয়া হয়।

অ্যালয় হুইল ঝাঁ চকচকে। থাকলে গাড়ির চেহারা পাল্টে যায়। পাশাপাশি হ্যান্ডলিংও অনেক উন্নত। স্টিল হুইলের দাম তুলনামূলকভাবে কম। কম দামের গাড়িতে দেওয়া হয়। তবে টেকসই। এখন প্রশ্ন হল, গাড়ির জন্য কোনটা ভাল? অ্যালয় হুইল ব্যবহারের সুবিধাগুলো জানা থাকলে এর উত্তর দিতে সুবিধা হবে।

তবে সবার আগে জেনে নেওয়া যাক, অ্যালয় হুইল কী? অ্যালয় হুইল বিভিন্ন ধাতুর মিশ্রণ থেকে তৈরি হয়। যেমন অ্যালুমিনিয়াম বা ম্যাগনেশিয়াম। সোজা কথায় সংকর ধাতু। সাধারণত কাস্টিং বা ফর্জিং করা হয়। স্টিল হুইলের তুলনায় হালকাও হয়। তবে স্টিল হুইল অনেক বেশি টেকসই। দীর্ঘদিন চলে। খারাপ হলে সহজে মেরামতও করা যায়। তবে অ্যালয় হুইলকে ভঙ্গুর ভাবা ঠিক নয়। যাঁরা টেকসই জিনিস চান, তাঁরা ফর্জড অ্যালয় হুইল নিতে পারেন। এগুলো কাস্ট হুইলের তুলনায় বেশিদিন চলে।

অ্যালয় হুইল দেখতে সুন্দর। অনেক রকমের ডিজাইন হয়। কাস্ট বা ফর্জড যে পদ্ধতিতেই তৈরি হোক না কেন, উৎপাদন প্রক্রিয়া অনেক উন্নত হওয়ায়, সৃজনশীলতার সুযোগ থাকে। গাড়ির সঙ্গে মানানসই লুকে তৈরি করা যায়। অনেক ক্রেতাই তাঁর গাড়ির জন্য কাস্টম অ্যালয় হুইল বানান। গাড়িতে নিজস্বতার ছোঁয়া থাকে। অন্য রকমের অনুভূতি হয়।

শুধু সৌন্দর্য নয়, অ্যালয় হুইল গাড়ির পারফরম্যান্সেও প্রভাব ফেলে। হালকা হওয়ায় জ্বালানি খরচ অনেক বেঁচে যায়। ব্রেক এবং অ্যাক্সিলারেটর সিস্টেমও ভাল কাজ করে। তাছাড়া অ্যালয় তাপ নির্গমন ক্ষমতা বেশি। ফলে গাড়ির টায়ার অনেকদিন চলে। সহজে ক্ষয়ে যায় না।

অ্যালয় হুইলের সবচেয়ে বড় সুবিধা হল, এতে মরচে ধরে না। স্টিল হুইল মানে একদিন না একদিন মরচে ধরবেই। অ্যালয় হুইল মরচে প্রতিরোধী। ফলে অনেকদিন টেঁকে। চকচকেও থাকে। খুব একটা দেখভালেরও প্রয়োজন হয় না। যাঁরা উপকূলীয় অঞ্চলে বা খুব বেশি বৃষ্টি হয়, এমন জায়গায় থাকেন, তাঁদের জন্য অ্যালয় হুইলই ভাল। কারণ এই সব মরচে পড়ার ঝুঁকি বেশি।