
Bangla News:গড়িয়ার বাড়ি থেকে প্রতিদিন তেল বার হওয়ার পরিমাণ আরও বাড়ছে৷ বাড়ির বিভিন্ন অংশ-সহ গাছপালাতেও তেল ভর্তি হয়ে যাচ্ছে৷ এই তেল বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই আশঙ্কায় পুরো পরিবার৷
তেল নমুনা সংগ্রহ করছে
দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়ার বাড়ি থেকে প্রতিদিন তেল বার হওয়ার পরিমাণ আরও বাড়ছে৷ বাড়ির বিভিন্ন অংশ-সহ গাছপালাতেও তেল ভর্তি হয়ে যাচ্ছে৷ এই তেল বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই আশঙ্কায় পুরো পরিবার৷ পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ ক্যামেরা লাগানোর পরামর্শ৷ এরইমধ্যে বৄহস্পতিবার দুপুরে বাড়িতে এসে তেলের নমুনা সংগ্রহ জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল ৷
প্রতিনিধি দলের অন্যতম সদস্য সৌরভ খাঁ, যিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার ডাইরেক্টর, তিনি জানান তাঁরা স্যাম্পেল কালেক্ট করেছেন ৷ তাঁরা এটি পরীক্ষা করে দেখবেন৷ প্রাথমিকভাবে তাঁদের পোড়া ভেজিটেবল তেল বলে মনে হচ্ছে ৷ মাটির নীচ থেকে এর সোর্স নয় বলেই প্রাথমিকভাবে তাঁদের মনে হচ্ছে ৷ যদিও পরীক্ষার পরেই বিস্তারিতভাবে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি ৷
রাজপুর সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁরা গড়িয়ার ফরতাবাদ এলাকায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন৷ প্রথমের দিকে কিছু না থাকলেও বছরখানেক আগে বাড়ির ডানদিকের অংশে হঠাৎই তেল বের হতে দেখা যায় ৷ বিষয়টি নিতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন৷
রাজপুর সোনারপুর পুরসভা, নরেন্দ্রপুর থানা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ায় তারা লিখিতভাবে জানান ৷ ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেছেন৷ আজ জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়৷ উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধিরাও ৷ তবে এখনও পর্যন্ত তেল বার হওয়ার কারণ জানতে না পারায় আতঙ্কিত পুরো পরিবার ৷
সুমন সাহা
