নয়াদিল্লি স্টেশনে মৃত ১৫, মহাকুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের ঘটনা, আহত ১০

নয়াদিল্লি স্টেশনে মৃত ১৫, মহাকুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের ঘটনা, আহত ১০

কুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১৫ জনের মৃত্যু হল। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, লোক নারায়ণ জয়প্রকাশ হাসপাতালের চিফ ক্যাজুয়ালটি মেডিক্যাল অফিসার জানিয়েছেন, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যে দুর্ঘটনা ঘটেছে, তার জেরে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশুও আছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। যে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে মোতায়েন করা হয়েছে দমকল বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ)।

আর সেই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। অভিযোগ উঠেছে যে এত ভিড় সত্ত্বেও রেলের কেউ ছিলেন না। এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ‘(নয়াদিল্লি রেল) স্টেশনে আরপিএফের কোনও অফিসার বা কোনও পুলিশ অফিসার ছিলেন না। স্টেশনে ভিড় উপচে পড়ছিল। ৩০ জনের বেশি আহত হয়েছেন। আমার আত্মীয়দের হাসপাতালে ভরতি করা হয়েছে।’

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুধু দাবি করেছেন যে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্টেশনে যে যাত্রীদের ভিড় উপচে পড়েছিল, তা খালি করতে চারটি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে দিল্লি পুলিশ এবং আরপিএফ। যদিও মহাকুম্ভ মেলায় যেতে প্রয়াগরাজগামী ট্রেন ধরতে এত ভিড় সামলাতে আগামী প্রস্তুতি কেন নিয়ে রাখা হয়নি, কেন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল, তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি রেলমন্ত্রী।

সেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ‘নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে ভয়াবহ খবর পাচ্ছি। রেলওয়ে প্ল্যাটফর্মে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত বেদনাগ্রস্ত। এই শোকের আবহে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

(Feed Source: hindustantimes.com)