বিরাট কোহলি ফের বড় রান পেতে ব্যর্থ, ভারতের বিপর্যয় সামলে পন্থের উপর চাপ বাড়াল ভরতের ব্যাট

বিরাট কোহলি ফের বড় রান পেতে ব্যর্থ, ভারতের বিপর্যয় সামলে পন্থের উপর চাপ বাড়াল ভরতের ব্যাট

Cricket

oi-Manojit Maulik

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামার আগে ভারতকে অস্বস্তিতে রাখলেন ব্যাটাররা। আজ থেকে লেস্টারে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের ট্যুর ম্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ‘ইন্ডিয়ান্স’ (এই নামেই ভারতীয় দল খেলছে)। টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের আগেই পড়ে যায় পাঁচ উইকেট। দ্বিতীয় সেশন থেকে কয়েক দফায় বৃষ্টি নামে। প্রথম দিনে সবমিলিয়ে খেলা হয়েছে ৬০.২ ওভার। ভারতীয় দলের স্কোর ৮ উইকেটে ২৪৬।

৩৫ রানে প্রথম উইকেট পড়ার পর ৮১ রানে পড়েছিল পঞ্চম উইকেট। রোহিত শর্মার ফর্ম চিন্তায় রাখছে। তিনি আউট হলেন ২৫ রানে, শর্ট বল ওড়াতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। তার আগে জসপ্রীত বুমরাহকে এই প্রথম লাল বলের লড়াইয়ে সামলাতে গিয়ে অস্বস্তিতে পড়েন ভারত অধিনায়ক। চোট পেয়ে ফিজিওকেও ডাকতে হয়। তবে স্বস্তির খবর, চোট গুরুতর নয়। শুভমান গিল ২১, হনুমা বিহারী তিন ও শ্রেয়স আইয়ার শূন্য রানে আউট হন। শ্রেয়স আইয়ার প্রসিদ্ধ কৃষ্ণর বলে কট বিহাইন্ড হন। তার ঠিক আগে ওভার পরিবর্তনের সময় বিরাট কোহলিকে দেখা যায় প্রসিদ্ধকে পরামর্শ দিতে। পরের বলেই ১১ বল খেলে শ্রেয়স শূন্য রানে সাজঘরে ফেরেন। রবীন্দ্র জাদেজাও ১৩ বলে ১৩ রান করেন।

কোহলি হতাশ করলেও মানরক্ষা ভরতের ব্যাটে

বিরাট কোহলি লাঞ্চের পর যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল বড় রান আসতে চলেছে। প্রসিদ্ধ কৃষ্ণর বলে দৃষ্টিনন্দন ছক্কাও হাঁকান। কিন্তু ৬৯ বলে ৩৩ রানের বেশি করতে পারলেন না কোহলি। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছয়।

শার্দুল ঠাকুর জাজমেন্ট দিতে গিয়ে ৬ রানে বোল্ড হন। ৩২ বলে ২৩ রান করেন উমেশ যাদব। দিনের শেষে ক্রিজে রয়েছেন শ্রীকার ভরত ও মহম্মদ শামি। ভরত ১১১ বলে ৭০ রানে ব্যাট করছেন। আটটি চার ও একটি ছয় মেরেছেন। মহম্মদ শামি ২৬ বলে ১৮ রানে অপরাজিত রয়েছেন। ভারতীয় দলের ষষ্ঠ উইকেট পড়েছিল ১৩৮ রানে, সপ্তম উইকেট ১৪৮ রানে। ২১৪ রানে পড়ে অষ্টম উইকেট।

লেস্টারের হয়ে খেলছেন চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ। বুমরাহ-র ৯ ওভারের মধ্যে মেডেন ওভার একটি, ৩৪ রান খরচ করে তিনি কোনও উইকেট পাননি। ৫টি মেডেন-সহ ১১ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রোমান ওয়াকার। প্রসিদ্ধ কৃ্ষ্ণর বোলিং ফিগার ১০ ওভারের ২টি মেডেন, ৩৭ রানের বিনিময়ে একটি উইকেট। ভরতকে নির্বাচকরা দলে নিয়েছেন ঋদ্ধিমান সাহার জায়গায়। ঋষভ পন্থ বর্তমানে ছন্দে নেই। ফলে ভরত সুযোগের সদ্ব্যবহার করে চাপ বাড়ালেন পন্থের উপর। পূজারাও ভারতীয় দলের সতীর্থদের বোলিং সামনে রান করলে প্রথম একাদশে ঢোকার দাবি জোরালো করতে পারবেন। অন্তত ভারতের টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার পর।

(Source: oneindia.com)