
Basanta Utsav 2025: কয়েক বছর আগে পর্যন্ত দোলের দিন লক্ষাধিক পর্যটকের গন্তব্য ছিল শান্তিনিকেতন, কিন্তু ২০১৯ সালের বসন্ত উৎসবে চূড়ান্ত বিশৃঙ্খলার পর সেই ধারা বদলায়।
বীরভূম: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই বছর সাড়ম্বরে পালিত হয়েছে বোলপুর শান্তিনিকেতন ঐতিহ্যবাহী পৌষ মেলা। ঠিক পৌষ মেলা যেমন এ বছর ঐতিহ্যবাহী ভাবে আয়োজন করা হয়েছিল তেমনই সবাই ভেবেছিল এ বছর পুরনো ছন্দে আবার ফিরবে বোলপুর শান্তিনিকেতনের বসন্ত উৎসব। তবে এবছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে না সাধারণ মানুষের। গত বছরের মতই শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র ছাত্রী এবং শিক্ষকরাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করবেন। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্তোৎসবে এক সময় দেশ থেকে বিদেশের পর্যটকদের সমাগম হত। প্রসঙ্গত, ২০২০ সালের পর থেকে নানা কারণে সেই উৎসবে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ সালেও শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া, শিক্ষক ও আধিকারিকদের উপস্থিতিতে বসন্ত উৎসব পালন করা হয়। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের আগেই এই উৎসব অনুষ্ঠিত হবে।
