নয়াদিল্লি স্টেশনে প্রয়াগরাজগামী ট্রেনে চড়তে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় হতাহতের তথ্য প্রকাশ করল ভারতীয় রেল। রবিবার রেলের পক্ষ থেকে এই দুর্ঘটনায় মৃত এবং আহতদের সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়।
গতকাল ভয়াবহ ঘটনাটি ঘটে নয়াদিল্লি স্টেশনে
নয়াদিল্লি: নয়াদিল্লি স্টেশনে প্রয়াগরাজগামী ট্রেনে চড়তে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় হতাহতের তথ্য প্রকাশ করল ভারতীয় রেল। রবিবার রেলের পক্ষ থেকে এই দুর্ঘটনায় মৃত এবং আহতদের সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়।
এই দিন, রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। মারাত্মক ভাবে আঘাত পাওয়া তিন যাত্রীকে এবং সামান্য আঘাত পাওয়া ব্যক্তিদের হাতেও ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে। এছাড়াও, গতকাল আহত ১৫ জন যাত্রীর মধ্যে ১১ জন যাত্রীকে যথাযথ চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। রবিবার, বিকেল ৫টা পর্যন্ত চারজন আহত চিকিৎসাধীন রয়েছেন। লেডি হার্ডিন্জ মেডিকেল কলেজে একজন আহত যাত্রী এবং জয়প্রাকাশ হাসপাতালে তিনজন আহত যাত্রী চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গতকাল, নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৮ জন। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, চারজন শিশু রয়েছে। আহত হন আরও বহু যাত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটে শনিবার রাত আটটা নাগাদ। মহাকুম্ভে যাওয়ার জন্য প্রয়াগরাজগামী ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। নয়াদিল্লি স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ভিড় ক্রমেই বাড়তে থাকে। এদিকে আরও দু’টি ট্রেন গতকাল দেরিতে পৌঁছয় প্ল্যাটফর্মে। সেই ট্রেনের যাত্রীরাও ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে।
(Feed Source: news18.com)