
‘Cometh the hour, cometh the man’- যিনি সেই শব্দবন্ধটা আবিষ্কার করে থাকুন কেন, মোহনবাগান সমর্থকদের কাছে তার একমাত্র অধিকারী হলেন দিমি পেত্রাতোস। যে মানুষটা প্রায় পুরো মরশুমে সমালোচনার মুখে পড়ছিলেন, সহজ গোল করতে পারছিলেন না, প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না, ৯৩ মিনিটে তাঁর গোলেই পরপর দু’বার ভারতসেরা হল মোহনবাগান সুপার জায়ান্ট। দু’ম্যাচ বাকি থাকতেই জিতে নিল আইএসএল শিল্ড। আর সেই কামব্যাকের পরে সঞ্জীব গোয়েঙ্কার থেকে ‘জাদু কি ঝাপ্পি’ পেলেন দিমি। পুরো দল তাঁকে শূন্য ভাসিয়ে উদযাপন করতে থাকে। ভালোবাসায় ভরিয়ে দেন সমর্থকরাও।
তারইমধ্যে ‘দিমি গডের’ চোখটা ছলছল করতে থাকে। আর করারই কথা। ২০২৩-২৪ সালে অবিশ্বাস্য মরশুম কাটানোর পরে এবার ছন্দ পাচ্ছিলেন না পেত্রাতোস। আজকের ম্যাচের আগে পর্যন্ত মাত্র তিনটি গোল করেছিলেন। আর সেখান থেকে ২০২৪-২৫ সালের আইএসএলে মোহনবাগানের সবথেকে গুরুত্বপূর্ণ গোলটা করলেন তিনিই।
‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’
আর তারপর সমর্থকদের ভালোবাসায় ভরে গিয়েছেন দিমি। যে সমর্থকরা খারাপ সময়েও অস্ট্রেলিয়ার তারকা পাশে ছিলেন, তাঁরা বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। যে সমর্থকরা আবার তারকা ফুটবলারকে তীব্র কটাক্ষে বিঁধেছিলেন, তাঁরাও স্বীকার করে নিয়েছেন সেই চিরন্তন কথাটা – ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।’
‘তোমার উপরে বিশ্বাস ছিল দিমি’
এক মোহনবাগানের সমর্থক বলেন, ‘তোমার উপরে বিশ্বাস ছিল দিমি। আজ তুমি সেটা করে দেখালে।’ অপর এক সবুজ-মেরুন সমর্থক বলেন, ‘বলেছিলাম যে জিতে তবে বাড়ি ফিরব। আর আজকের গোলটা করবে আমাদের দিমি গড। জয় মা মোহনবাগান। জয় মা মোহনবাগান।’ একইসুরে অপর একজন বলেন, ‘চ্যাম্পিয়নরা এমনই হয়… দিমি দিমি দিমি।’
Dimi Go থেকে ফের Dimi God, আবেগতাড়িত সমর্থকরা
দিমির ফিনিক্স পাখির মতো সেই উত্থানের ঘটনায় আবেগতাড়িত হয়ে অপর এক মোহনবাগান সমর্থক বলেন, ‘সব অপমানের জবাব বোধহয় এইভাবেই দিতে হয় দিমি। সমালোচকদের বুঝিয়ে দিলে তুমিই শ্রেষ্ঠ, তুমিই #DIMIGOD । এতদিন যাঁরা বলেছিলেন Dimi Go, আজ তাঁরাই তোমার জন্য জয়ের স্বাদ উপভোগ করছেন। হাজারো সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তুমি আবারও বসলে রাজার আসনে। তুমি বুঝিয়ে দিলে তুমিই সেরা তোমার বিকল্প হয় না।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘সত্যি, ভগবানের কাছে শুধু এইটুকুই চেয়েছিলাম তোমার একটা গোল। আসলে রাজার মুকুট রাজকেই মানায়। অসংখ্য ধন্যবাদ তোমায় দিমি, চিরকাল পাশে আছি, ভালো থেকো সারাজীবন। শেষপর্যন্ত আমাদের দিমিই ভরসা।’
(Feed Source: hindustantimes.com)
