৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার

৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার

দুবাই: শুভমন গিলকে (Shubman Gill) যে বলে ঠকিয়ে বোল্ড করেছেন আব্রার আমেদ (Abrar Ahmed), দেখে মুগ্ধ কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)। তবে শুভমনকে যেভাবে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেছিলেন পাক স্পিনার, তা মোটেও ভালভাবে নিচ্ছেন না সুলতান অফ স্যুইং।

২৪১ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে একমাত্র পাক বোলার আব্রার আমেদ, যিনি ভারতীয় ব্যাটিংকে কিছুটা বিব্রত করেছেন। মাঝের ওভারগুলোয় বল হাতে নজর কেড়েছেন লেগস্পিনার আব্রার। শুভমন গিল ও বিরাট কোহলি যেন কর্তৃত্ব কায়েম করতে না পারেন, সেই চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। কারণ, তার আগে পাক পেস বোলিংকে দাপটের সঙ্গে সামলেছিলেন ভারতীয় ব্যাটাররা।

যদিও শুভমনকে আউট করে আব্রারের সেলিব্রেশন মেনে নিতে পারছেন না আক্রম। তাঁর কথায়, ‘ওই বলটা দেখে আমি মুগ্ধ। তবে সেলিব্রেশন দেখে ভাল লাগেনি। সব কিছুরই সময় আর স্থান হয়। কেউ ওকে ডেকে জিজ্ঞেস করল না কী করছে? ম্যাচের সেই সময়কার পরিস্থিতি দেখুন। দল তখনও কোণঠাসা। তাও এমনভাবে সেলিব্রেট করছো যেন পাঁচ উইকেট নিয়েছো। ওই সেলিব্রেশনটাই সব শেষ করে দিল।’

রবিবার দুবাইয়ে ভারতীয় ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। পাকিস্তানের ২৪১ রান তাড়া করতে নেমে ক্রিজে তখন জাঁকিয়ে বসেছেন শুভমন ও কোহলি। রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছিলেন গিল। রোহিত শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। তবে শাহিন শাহ আফ্রিদির দুরন্ত ইয়র্কারে রোহিত বোল্ড হয়ে ফিরে যাওয়ার পর পাক শিবির তখন উৎসাহে ফুটছে। সেই উৎসাহে জল ঢালেন গিল ও বিরাট। দ্বিতীয় উইকেটে দুজনে ৭৫ বলে ৬৯ রান যোগ করেন। ভারতকেও ম্যাচে চালকের আসনে বসিয়ে দেয় তাঁদের জুটি।

১৮তম ওভারে বল করতে এসে তৃতীয় ডেলিভারিতেই শুভমনকে বোল্ড করে দেন আব্রার। তাঁর বল বেশ কিছুটা টার্ন করার পাশাপাশি বাড়তি বাউন্সও করে। ভেঙে দেয় গিলের অফস্টাম্প। আর গিল বোল্ড হতেই দৌড়ে সতীর্থদের দিকে যান আব্রার। তারপরই দুই হাত বুকের কাছে আড়াআড়িভাবে রেখে চোখের ইশারায় গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন পাক লেগস্পিনার।

(Feed Source: abplive.com)