এত কলা বাঁদরেও খায় না! বাবর-রিজওয়ানদের বিদ্রুপে ভরিয়ে দিলেন তাঁদের দেশেরই কিংবদন্তি

এত কলা বাঁদরেও খায় না! বাবর-রিজওয়ানদের বিদ্রুপে ভরিয়ে দিলেন তাঁদের দেশেরই কিংবদন্তি

দুবাই: টুর্নামেন্টের (Champions Trophy 2025) আয়োজক দেশ পাকিস্তান। যারা গতবারের খেতাবজয়ীও। অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে এবার। প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ড ও পরের ম্যাচে ভারতের কাছে হেরে। সেমিফাইনালের স্বপ্ন শেষ। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার।

তারপর থেকেই সমালোচনায় জর্জরিত হচ্ছে পাকিস্তান দল। এবার বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের খাওয়া-দাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন পাকিস্তানেরই এক কিংবদন্তি। ওয়াসিম আক্রম।

ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান দলের তুমুল সমালোচনা করছেন সুলতান অফ স্যুইং। শুভমন গিলকে বোল্ড করার পর আব্রার আমেদ যেভাবে সেলিব্রেট করেছিলেন, তার তীব্র নিন্দা করেছিলেন আক্রম। এবার পাক ক্রিকেটারদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন।

আক্রম বলেছেন, ‘আমার মনে হয় ওটা ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রথম বা দ্বিতীয় জলপানের বিরতি ছিল। পাকিস্তানের ক্রিকেটারদের জন্য দু’প্লেট ভর্তি কলা আনা হয়েছিল। আরে, এত কলা তো বাঁদরেও খায় না। এটা ওদের খাবার?’ এখানেই থেমে না থেকে আক্রম বলেছেন, ‘ইমরান খান যদি আমাদের অধিনায়ক থাকত, আর সেই সময় আমরা এই কাণ্ড ঘটাতাম, এই নিয়ে আমাদের বকাবকি করত।’

পাকিস্তানের মান্ধাতা আমলের ক্রিকেটের জন্যও তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন তারকা। আক্রমের মতে, এখন ক্রিকেট খেলা অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তান পড়ে রয়েছে প্রাগৌতিহাসিক যুগে। আক্রমের কথায়, ‘বড় পরিবর্তন দরকার। সাদা বলের ক্রিকেটে আমরা দীর্ঘদিন ধরে মান্ধাতা আমলের ক্রিকেট খেলছি। এটা বদলাতে হবে। তরুণ, ভয়ডরহীন ক্রিকেটারদের দলে দরকার। যারা যে কোনও চাপ কাটিয়ে উঠে মাঠে নিজেদের সেরাটা দিতে পারবে। দলে একসঙ্গে পাঁচ-ছটা পরিবর্তন করার প্রয়োজন হলে, হোক। সেই দল পরের ছয় মাসে হয়তো সব ম্যাচ হারবে‌। তাতে কোনও ক্ষতি নেই। তবে এখন থেকেই ২০২৬ টি-২০ বিশ্বকাপের দল গঠন করা উচিত।’

পাকিস্তানের বোলারদেরও প্রবল সমালোচনা করেছেন আক্রম। তিনি বলেন, ‘পরিসংখ্যান থেকেই বিষয়টা পরিষ্কার। শেষ পাঁচটা ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের বোলাররা ২৪টি উইকেট পেয়েছে। গড় ৬০। অর্থাৎ প্রতি ৬০ রানের বিনিময়ে ১টি করে উইকেট। ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও আমাদের বোলারদের গড় খারাপ। যে ১৪ দল একদিনের ক্রিকেট খেলে, তাঁদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে।’

(Feed Source: abplive.com)