Water purifier- জল পরিশুদ্ধ করতে RO পিউরিফায়ারে ফিল্টার এবং মেমব্রেন থাকে। কিন্তু অনেকেই জানেন না, নির্দিষ্ট সময় অন্তর এগুলো পরিবর্তন করা প্রয়োজন। নাহলে জল পরিশোধন ক্ষমতা কমে যায়।
কলকাতা: প্রত্যেক ব্যক্তির রোজ ২ থেকে ৪ লিটার জল পান করা উচিত। এমনটাই বলেন চিকিৎসকরা। বিশেষ করে গরমকালে। এই সময় শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। তবে শহর এবং মেট্রোপলিটন এলাকায় বিশুদ্ধ জল পাওয়া মুশকিল। অনেকেই তাই ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করেন।
জল পরিশুদ্ধ করতে RO পিউরিফায়ারে ফিল্টার এবং মেমব্রেন থাকে। কিন্তু অনেকেই জানেন না, নির্দিষ্ট সময় অন্তর এগুলো পরিবর্তন করা প্রয়োজন। নাহলে জল পরিশোধন ক্ষমতা কমে যায়। আর দূষিত জল পান করলে নানা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রশ্ন হল, RO ফিল্টার কখন বদলানো উচিত?
কত দিন অন্তর ফিল্টার বদলানো উচিত: বিশেষজ্ঞরা বলছেন, প্রতি ৬ থেকে ৮ মাস অন্তর একবার RO ফিল্টার পরিবর্তন করতে হয়। কারণ জলের ময়লা এবং দূষিত উপাদান ফিল্টারের উপর জমতে থাকে। ফলে কার্যক্ষমতা কমে যায়। ফিল্টার সময়মতো পরিবর্তন না করলে জলের গুণগত মান খারাপ হতে পারে।
RO পিউরিফায়ারে সাধারণত দু’ধরণের ফিল্টার থাকে। সেডিমেন্ট ফিল্টার এবং কার্বন ফিল্টার। দুটোর কাজ আলাদা। সেডিমেন্ট ফিল্টার জলে থাকা ধুলো, ময়লা, মাটি এবং অন্যান্য বড় কণা পরিস্কার করে। অন্য দিকে, কার্বন ফিল্টারের কাজ হল, জলের মধ্যে থাকা ক্লোরিন এবং অন্যান্য ক্ষতিকর রাসয়নিক পদার্থ দূর করা। যাতে জলের স্বাদ এবং গুণমান উন্নত হয়।
ট্যাঙ্ক ও পাইপ পরিস্কার করাও জরুরি: RO পিউরিফায়ারে কিন্তু শুধু ফিল্টার নেই। এটা ট্যাঙ্ক আর পাইপের সঙ্গেও যুক্ত থাকে। যত সময় গড়ায় ট্যাঙ্ক আর পাইপেও ময়লা জমে। জলের গুণমানেও এর প্রভাব পড়ে। তাই শুধু ফিল্টার বদলালে হবে না। ট্যাঙ্ক নিয়মিত পরিস্কার করাতে হবে। নাহলে ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধতে পারে। এই সব কারণে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর RO ট্যাঙ্ক এবং পাইপ পরিস্কার করা জরুরি।
RO-তে কোনও সমস্যা থাকলে বোঝার উপায়: জল ফিল্টার করতে যদি বেশি সময় লাগে, তাহলে বুঝতে হবে কিছু সমস্যা হয়েছে। অনেক সময় জলের স্বাদ এবং গন্ধও বদলে যায়। এমনটা হলে তৎক্ষণাৎ ফিল্টার বা মেমব্রেন পাল্টানো উচিত। আবার যদি জলের প্রবাহ কমে যায় কিংবা পিউরিফায়ার থেকে অস্বাভাবিক শব্দ আসে, তাহলেও পরীক্ষা করানো প্রয়োজন। নাহলে পরে সমস্যা হতে পারে।
(Feed Source: news18.com)