
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের হ্যাটট্রিক। নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে ভারতই। মঙ্গলবার ৪ মার্চ মঙ্গলবার প্রথম সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন রোহিতরা।
ধারে ভারে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ভারত সেমিফাইনালের টিকিট কেটেছে, দেখতে গেলে এদিনই ভারত প্রথম কঠিন প্রতিপক্ষ পেল। মিচেল স্যান্টনার এদিন টস জিতে রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। ভারত প্রথমেই মুখ থুবড়ে পড়ে। ৭ ওভারের ভিতর ৩০ রানে চলে যায় টপ অর্ডার। শুভমন গিল (২) ও রোহিত (১৫) ফিরে যাওয়ার পর সকলের চোখ ছিল বিরাট কোহলির দিকে। এদিন তিনি সপ্তম ভারতীয় এবং ১৮ নম্বর ক্রিকেটার হিসেবে ৩০০ নম্বর একদিনের আন্তর্জাতিক ওডিআই খেলছেন। কোহলির উপর সকলের বড় রানের আশা থাকলেও, মাইলস্টোন ম্যাচে তিনি ১৪ বলে ১১ রান করে ফেরেন!
তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে কিছুটা অক্সিজেন দিয়েছিলেন শ্রেয়স আইয়ার (৯৮ বলে ৭৯) ও অক্ষর প্যাটেল (৬১ বলে ৪২)। এই দুই ব্যাটার ফেরার পর কেএল রাহুলও (২৩) আউট হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার কাঁধে দায়িত্ব ছিল ভারতকে লড়াই করার মতো একটা স্কোর করে দেওয়ার। ২০ বলে ১৬ রান করে ফেরেন জাদেজা। তবে সাতা নামা হার্দিক তাঁর জাত চিনিয়ে দেন, বুঝিয়ে দেন আইসিসি ইভেন্টে কেন তিনি ভারতের সম্পদ। ৪৫ বলে কার্যকরী ৪৫ রান করে আউট হলেন শেষ ওভারের তিন বল বাকি থাকতে। ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলল। কিউয়ি পেসার ম্যাট হেনরি নিলেন পাঁচ উইকেট। কাইলি জেমিসন, ও’রুরকি, স্যান্টনার ও রাচিন রবীন্দ্র নিলেন এক উইকেট করে।
২৫০ রানের লক্ষ্য নিয়ে ভারতের স্পিনেই কুপোকাত নিউজিল্য়ান্ড। কিউয়িদের কাছে রীতিমতো ত্রাস হয়ে উঠলেন বরুণ চক্রবর্তী। হর্ষিত রানার পরিবর্তে এদিন প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের সেরাটা উজার করে দিলেন তিনি। মাত্র ৪২ রান দিয়ে নিলেন ৫ উইকেট। ২০৫ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড।
(Feed Source: zeenews.com)
