
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা রোহিত শর্মা। তাঁর ৮৩ বলে ৭৬ রানের ইনিংসই ভারতের জয়ের পথ সুগম করে দিয়েছিল।
একাধিক রেকর্ডও গড়ে ফেলেছেন হিটম্যান। রবিবারের ইনিংসে তিনি ৩টি ছক্কা মেরেছেন। ওয়ান ডে ক্রিকেটে ছক্কা মারার নিরিখে বিশ্বের দু’নম্বরে রোহিত।

ওয়ান ডে ক্রিকেটে ৩৪৪টি ছক্কা মেরেছেন হিটম্যান। পেরিয়ে গিয়েছেন ক্রিস গেলকে। গেলের ৩৩১টি ছক্কা রয়েছে।

রোহিতের সামনে এখন শুধু পাকিস্তানের শাহিদ আফ্রিদি। ওয়ান ডে ক্রিকেটে ৩৫১টি ছক্কা মারার নজির রয়েছে আফ্রিদির।

আর ৭টি ছক্কা মারলে আফ্রিদির কীর্তি স্পর্শ করবেন রোহিত। ৮ ছক্কায় ভেঙে দেবেন আফ্রিদির বিশ্বরেকর্ড।

শুভমন গিলের সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে ভারতের হয়ে ওপেন করতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যে এখনও পর্যন্ত ৫৩৯টি বল খেলেছেন রোহিত। তার মধ্যে ২৮টি ছক্কা মেরেছেন।

শিখর ধবনের সঙ্গে যখন ইনিংস ওপেন করতেন, ওয়ান ডে ক্রিকেটে প্রথম ৫ ওভারে ১৭২৬ বল খেলেছিলেন রোহিত। তাতে মেরেছিলেন ২০ ছক্কা। যা থেকে বোঝা যায়, ছক্কা মারায় আরও ওস্তাদ হয়েছেন হিটম্যান।

রোহিতের নেতৃত্বে পরপর তিনটি আইসিসি আয়োজিত সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নামল ভারত। ২৪টি ম্যাচ খেলে ভারত জিতেছে ২৩টি। পরাজয় শুধু ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে ১৮০ রান করেছেন রোহিত। সর্বোচ্চ ফাইনালে করা ৭৬ রান।

তবে টানা ১২টি ওয়ান ডে ম্যাচে টস হেরে ব্রায়ান লারার তিক্ত এক রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত। সব মিলিয়ে টানা ১৪ ম্যাচে টস হেরেছে ভারত। ছবি – বিসিসিআই ফেসবুক
(Feed Source: abplive.com)
