Jadavpur University Incident: যাদবপুর নিয়ে চার শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠকে উপাচার্য, বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাব

Jadavpur University Incident: যাদবপুর নিয়ে চার শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠকে উপাচার্য, বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাব

Jadavpur University Incident: অবশেষে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শনিবারের ঘটনা নিয়ে বড় পদক্ষেপ করল কর্তৃপক্ষ। বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাব দিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন অধ‍্যক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুরঃ অবশেষে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শনিবারের ঘটনা নিয়ে বড় পদক্ষেপ করল কর্তৃপক্ষ। বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাব দিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন অধ‍্যক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চারটি শিক্ষক সংগঠন-সহ আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়।

মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন জুটা, ওয়েবকুপা, ওয়েবকুটা, এবিউটএ প্রতিনিধি-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্যও আধিকারিক। শনিবার এবং তার পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা হয় বৈঠকে। সব পক্ষের বক্তব্য শোনেন উপাচার্য। অসুস্থতার কারণে সশরীরে মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তিনি। বাড়ি থেকে অনলাইনে বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।

মঙ্গলবারের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। ওঠে ছাত্র সংসদ নির্বাচনের দাবি। ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে এফআইআর দায়েরের দাবি ওঠে। যদিও তা নিয়ে আপত্তি তোলে ওয়েবকুপা। উল্টে ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের দাবি তোলে। বৈঠকেই শনিবারের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়াও নিরাপত্তার জন্য রাজ্য সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তারক্ষীর আবেদন জানানো হয়েছে। ক্যাম্পাসে শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সব রকম পদক্ষেপের কথাও বলা হয়েছে মঙ্গলবারের বৈঠকে।

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ, তাঁকে ঘিরে যখন বিক্ষোভ চলছে, সেই সময় আহত হন মন্ত্রী। জখম হন শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো দুই পড়ুয়াও। অভিযোগ, দুই পড়ুয়ার মধ্যে এক জনকে চাপা দিয়েছে মন্ত্রীর গাড়ি। অন্য জনের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রাতে কেউ বা কারা ক্যাম্পাসের তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন ধরিয়ে দেন!