রণবীরের গাড়ির দুর্ঘটনা, জানলার কাচ ভেঙে গিয়ে বিপদে পড়লেন অনুষ্ঠানের আগে

রণবীরের গাড়ির দুর্ঘটনা, জানলার কাচ ভেঙে গিয়ে বিপদে পড়লেন অনুষ্ঠানের আগে

#মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে করণ মালহোত্রা পরিচালিত ‘শামসেরা’ ছবির ট্রেলার। তার অনুষ্ঠানে দেরি করে পৌঁছেছেন ছবি নায়ক রণবীর কপূর। কেন এমন করলেন তিনি? এই প্রশ্ন নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল অনুষ্ঠানে। কিন্তু রণবীর নিজে উপস্থিত হয়ে দেরি করার কারণ জানান।

ছোট একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলি তারকা। প্রথমত যে শপিং মলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, তার বদলে অন্য একটি মলে পৌঁছে গিয়েছিলেন তিনি ও তাঁর গাড়ির চালক। মাটির তলার গাড়িবারান্দায় গাড়ি রাখার জন্য সেখান থেকে বেরোতে দেরি হয়ে যায়। তার পর রণবীরের গাড়ির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগায়, গাড়ির কাচ যায় ভেঙে। তাঁর মুখে গোটা ঘটনাটি শোনার পর ছবির পরিচালক করণ বলেন, “কাচ ভাঙা আসলে শুভ বলে মনে করা হয়।”

মুম্বইয়ের এক জনপ্রিয় পাপারাৎজি একটি ভিডিও পোস্ট করেন যেখানে এই গোটা ঘটনাটি রণবীর মঞ্চে দাঁড়িয়ে বলছেন। তার তলায় তারকার ভক্তরা লেখেন, ‘ভাগ্য ভাল, তিনি সুস্থ আছেন।’

১৯৮০ সালের প্রেক্ষাপটে বানানো এই ছবিটি। এক ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন রণবীর যে পরবর্তী কালে স্বাধীনতা সংগ্রামী হয়ে যান। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন বাণী কপূর এবং খলনায়কের চরিত্রে দেখা দেবেন সঞ্জয় দত্ত। আছেন সৌরভ শুক্লা এবং আশুতোষ রানাও।

আগামী ২২ জুলাই হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। এখানে রণবীরকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। বাবা এবং ছেলে, দুই-ই রণবীর। অনেকটা ‘রবিন হুড’-এর মতো করে চরিত্রটি তৈরি। যে ধনী মানুষের থেকে ডাকাতি করে গরিব মানুষের সাহায্য করে।

Published by:Teesta Barman

(Source: news18.com)