Pregnant Woman died: সাক্ষাৎ যম! বন্ধুর সঙ্গে হাঁটার সময়ই মাথায় আচমকা ভেঙে পড়ল…. চিরঘুমে ৪ মাসের অন্তঃসত্ত্বা!

Pregnant Woman died: সাক্ষাৎ যম! বন্ধুর সঙ্গে হাঁটার সময়ই মাথায় আচমকা ভেঙে পড়ল…. চিরঘুমে ৪ মাসের অন্তঃসত্ত্বা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধুর সঙ্গে একটু হাঁটতে বেরিয়েছিলেন এক গর্ভবতী মহিলা। সেই হাঁটার মাঝেই হানা দিল ‘মৃত্যুদূত’! মর্মান্তিক পরিণতি ওই গর্ভবর্তী মহিলা ও তাঁর বন্ধুর। রাস্তায় হাঁটার সময়ই তাঁদের মাথায় ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বাইয়াপ্পানাহল্লিতে।

বেঙ্গালুরুর বাইয়াপ্পানাহল্লিতে রাস্তা নির্মাণের সময় ভেঙে পড়ে ওই বিদ্যুতের খুঁটি। এই এক জেসিবি চালককে গ্রেফতার করেছে পুলিস। ধৃত জেসিবি চালকের নাম রাজু। এই ঘটনায় বাইয়াপ্পানাহল্লি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, বাইয়াপ্পানাহল্লির সাদ্দাগুন্তেপাল্যা এলাকায় একটি রাস্তায় সোমবার বিকেলে হাঁটছিলেন তাঁরা। 

দুর্ঘটনায় মৃত সোনি কুমারী আদতে বিহারের বাসিন্দা। গত ৮ বছর ধরে বেঙ্গালুরুতেই বসবাস করছিলেন। ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তাঁর সঙ্গেই ছিলেন সোনি কুমারীর বান্ধবী, আদতে তামিলনাড়ুর বাসিন্দা সুমতি দেবী। অভিযোগ, জেসিবি মেশিনটি রাস্তা তৈরির সময় ভুল করে একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। যার ফলেই রাস্তার ধার দিয়ে ওই ২ মহিলা হাঁটার সময় তাঁদের মাথার উপর পড়ে ওই খুঁটিটি। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই উভয় মহিলার মৃত্যু হয়।

ওদিকে আরেকটি ঘটনায় ৩ শ্রমিকেরও মৃত্যু হয়েছে বেঙ্গালুরুতে। নিহতরা সকলেই বিহারের কাঠের মিস্ত্রি। একটি নির্মীয়মাণ ভবনে কাজ করছিলেন তাঁরা। তখনই তাঁদের মধ্যে বিবাদ বাধে। এক শ্রমিকের বোনের সঙ্গে আরেক শ্রমিকের সম্পর্কের সন্দেহ থেকেই বিবাদের সূত্রপাত। বাগবিতণ্ডার মধ্যেই একে অপরের উপর বাঁশ ও লোহার রড নিয়ে চড়াও হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনসু (২২), রাধে শ্যাম (২৩) ও দীপু নামে ৩ শ্রমিকের। 

(Feed Source: zeenews.com)