অবশেষে সুরাহা! ২০ মার্চই সরকারিভাবে বিবাহবিচ্ছেদ ঘটছে চাহাল-ধনশ্রীর?

অবশেষে সুরাহা! ২০ মার্চই সরকারিভাবে বিবাহবিচ্ছেদ ঘটছে চাহাল-ধনশ্রীর?

মুম্বই: বিগত বেশ কয়েকমাস থেকে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী বর্মার (Dhanasree Verma) বিবাহবিচ্ছেদের জল্পনা সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। দুইজনে এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, দুইজনের বিচ্ছেদ যে হচ্ছেই, তা কার্যত নিশ্চিত। এই নিয়ে আদালতে মামলাও চলছে। তবে সম্ভবত বৃহস্পতিবার, ২০ মার্চই গোটা বিষয়ের নিষ্পত্তি হয়ে যাবে।

চাহাল ও ধনশ্রী গত ৫ ফেব্রুয়ারি ফ্যামিলি কোর্টে নিজেদের বিচ্ছেদের পিটিশন দায়ের করান। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই বিচ্ছেদের আবেদন করেন তাঁরা। তবে আদালত ২০ ফেব্রুয়ারি দুইজনের ছয় মাসের কুলিং অফ পিরিয়ডের বিষয়ে ছাড় দিতে অস্বীকার করে। হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুযায়ী এই ছয় মাস সময়টা বাধ্যতামূলক। নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা মিটমাট করা সম্ভব কি না, সেই দিকটা তলিয়ে দেখতে এই সময়টা দেওয়া হয়। তবে মিটমাটের কোনও সম্ভাবনা না থাকলে এই সময়টা ছাড় দেওয়া যায়।

তবে ফ্যামিলি কোর্টের তরফে জানানো হয় চাহাল ধনশ্রীকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিলে তবেই এই সময়ের ছাড় দেওয়া সম্ভব হত। কিন্তু আদালতের তরফে জানানো হয় চাহালের তরফে মাত্র দুই কোট ৩৭ লক্ষ টাকাই দেওয়া হয়েছে। এই যুক্তিতেই তাঁদের কুলিং অফ পিরিয়ডে ছাড় দিতে অস্বীকার করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে চাহাল ও ধনশ্রী হাইকোর্টে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আবেদন করেন। এই পরিপ্রেক্ষিতেই বম্বে হাইকোর্ট বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টকে বৃহস্পতিবারের মধ্যে এই বিচ্ছেদের মামলার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

চাহালের উকিলের আবেদনের ভিত্তিতে বিচারপতি মাধব জামদারের বেঞ্চ জানিয়ে দেয় যে চাহাল আইপিএল খেলার সুবাদে ২১ মার্চ থেকে আর উপলব্ধ থাকবেন না, তাই ২০ মার্চই মামলার নিষ্পত্তি করতে হবে। বিচারপতি জানান যে এক্ষেত্রে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী আড়াই বছর ধরে আলাদাই থাকছেন। আদালত জানিয়ে দেয় বিচ্ছেদের পরেই দ্বিতীয় দফার খোরপোশ দেবেন চাহাল। দীর্ঘ জল্পনা-কল্পনার পর তাই অবশেষে এই অধ্যায়ের সমাপ্তি ঘটছে।

চাহালের সঙ্গে সম্প্রতি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে দেখা গিয়েছিল এক তরুণীকে। পরে জানা যায় সেই তরুণীর পরিচয়ও। তিনিও ধনশ্রীর মতোই নামী সেলিব্রিটি। আর জে মাহভাশ (RJ Mahvash)। চাহালের সঙ্গে বসেই তিনি খেলা দেখেন। এরপরেই কিন্তু দুইজনের সম্পর্ক নিয়ে কানাঘুষোও শুরু হয়ে গিয়েছে।

(Feed Source: abplive.com)