প্রদেশ কংগ্রেসকে চাঙ্গা করতে শীঘ্রই বাংলায় আসবেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।
বিধানসভা ভোটের আগে রাজ্যে আসতে পারেন রাহুল-প্রিয়াঙ্কা। (প্রতীকী ছবি)
নয়াদিল্লি: প্রদেশ কংগ্রেসকে চাঙ্গা করতে শীঘ্রই বাংলায় আসবেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। বাংলায় আসার পরে দেখা করতে পারেন আরজি কর নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন।
জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকছে কংগ্রেস। রাজ্যেও তৃণমূলের সঙ্গে সরাসরি সংঘাতের বদলে মানুষের ইস্যুকে তুলে ধরে ময়দানে নামার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। একইসঙ্গে নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতার পথও খোলা থাকছে।
বুধবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের সদর দফতর ইন্দিরা ভবনে প্রদেশ নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেনুগোপালের মতো শীর্ষ এআইসিসি নেতৃত্ব।
এদিকে এই বৈঠকে বেশ কয়েকজন প্রদেশ নেতার অনুপস্থিতি নিয়ে প্রসঙ্গ ওঠে। কিছু নেতার আমন্ত্রণ না পাওয়ার কথা তুলে উষ্মাও প্রকাশ করেন অধীর চৌধুরি । যার জবাবে পিসিসি সভাপতি শুভঙ্কর সরকার রাহুল গান্ধীর সামনেই বলেছেন, হাই কমান্ডের দেওয়া তালিকা অনুযায়ী প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হয়েছে। কোন কারণে হয়ত তারা অনুপস্থিত থেকেছেন। অনুপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন মনোজ চক্রবর্তী এবং নেপাল মাহাতোরা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর জানান, হাই কমান্ড জানিয়ে দিয়েছে আপাতত কংগ্রেসের লক্ষ্য রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে শক্তিশালী করা। সেক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক দুর্বলতা দূর করতে হবে। পাশাপাশি প্রদেশ নেতৃত্বের দেওয়া প্রস্তাব মেনে শীঘ্রই বাংলায় যাবেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের মতো নেতারা।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, আরজি করে নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে কংগ্রেস।
এ দিনের বৈঠকে রাহুল গান্ধী বাংলায় জন আন্দোলন গড়ে তোলার উপর জোর দিয়েছেন। টেনে এনেছেন উত্তরপ্রদেশে কংগ্রেসের রণকৌশলের কথাও।
(Feed Source: news18.com)