
পাচার হয়ে ফিরে এলে সামাজিকভাবে একপ্রকার বয়কটের সম্মুখীন হন সেই সব মেয়েরা। সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী বসিরহাটের ৩ স্বেচ্ছাসেবী সংগঠন।
নিপীড়িত মহিলাদের রক্ষা করতে অভিনব ওয়ার্কশপ
উত্তর ২৪ পরগণা: সামাজিক বয়কট থেকে নিপীড়িত মহিলাদের রক্ষা করতে অভিনব ওয়ার্কশপ। কখনও পেটের খিদের জ্বালায় আবার কখনও সংসার চালাতে অভাব অনটনকে দূরে রাখতে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মেয়েরা লোভের বশবর্তী হয়ে অনেক ক্ষেত্রেই ভুল পথে চলে গিয়ে পাচার হয়ে যায়। আবার বিভিন্ন সময়ে প্রেমের ফাঁদে পড়ে বিভিন্ন অসাধু চক্রের কবলে পড়ে ভিন রাজ্যে পাচারের ঘটনা প্রায়শই সামনে আসে। কিন্তু বর্তমান সময়ে প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সমস্ত পাচার হয়ে যাওয়া মহিলাদের আবার ফিরিয়ে আনা হয় সংগঠনের তরফে।
অনেক্ষেত্রে বাড়ি ফেরার পরেই তারা সম্মুখীন হন বেশ কিছু সমস্যার। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের আড় চোখে তাকানো থেকে শুরু করে পরিবারের সদস্যরা অনেক সময় এই সমস্ত ফিরে আসা যুবতীদের মেনে নিতে চান না। তারা সামাজিকভাবে একপ্রকার বয়কটের সম্মুখীন হন। সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হলো বসিরহাটের ৩টি স্বেচ্ছাসেবী সংগঠন।বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের হল ঘরে এক ওয়ার্কশপ ও কাউন্সিলিং কর্মসূচির আয়োজন করেন তারা।
তাদের মূল উদ্দেশ্যই হলো যে সমস্ত নিপীড়িতরা ভিন রাজ্য থেকে ফিরে আসে; যাতে তারা ফিরে এসে নিজের পায়ে সাবলম্বী হতে পারে পাশাপাশি যাতে সামাজিক বয়কটের মুখে কোনওভাবে না পড়ে তার জন্য তাদের পরিবারের সদস্যদের ডেকে কাউন্সিলিং করানো থেকে শুরু করে কীভাবে একটি মহিলা ফিরে এলে তার সঙ্গে সমাজের দূরত্ব মেটাতে হবে তার প্রশিক্ষণ দেওয়া। এরকম একাধিক সমাজ সেবামূলক কর্মসূচির পাঠ দেওয়া হল বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার নিপীড়িত ও তাদের পরিবারকে।
জুলফিকার মোল্যা
(Feed Source: news18.com)
