মার্কিন শুল্ক-ধাক্কায় ঘুম ছুটেছে, ভারতীয় সংস্থাকে বড় ছাড় চিনের কোম্পানির

মার্কিন শুল্ক-ধাক্কায় ঘুম ছুটেছে, ভারতীয় সংস্থাকে বড় ছাড় চিনের কোম্পানির

নয়াদিল্লি : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে আতঙ্কিত চিন। সেই আতঙ্ক থেকেই চিনা বৈদ্যুতিন সামগ্রী নির্মাতারা ৫ শতাংশ পর্যন্ত দাম কমানোর প্রস্তাব দিচ্ছে। এর পাশাপাশি ভারতীয় সংস্থাগুলির সঙ্গে নতুন করে সোর্সিং চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। এই পরিস্থিতিতে টিভি, ফ্রিজ ও স্মার্টফোন নির্মাতারা মনে করছেন, এটা উল্লেখযোগ্য ছাড়। কারণ, এর জেরে তাঁদের সঞ্চয় ২-৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এদিকে চাহিদা বৃদ্ধির জন্য ভারতীয় নির্মাতারা গ্রাহকদের কাছে কিছু কম দামের সুযোগ তৈরি করতে পারেন বলে মনে করা হচ্ছে।

আমেরিকা-চিন বাণিজ্য-বিরোধের ফলে চিনা নির্মাতাদের কাছে নতুন অর্ডার আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কারণ, বিশ্বব্যাপী সরবরাহ নেটওয়ার্কগুলি পারস্পরিক শুল্কের সঙ্গে মানিয়ে নিচ্ছে। প্রসঙ্গত, চিনা পণ্যের উপর সর্বোচ্চ ১২৫% হারে কর আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিনা ইলেকট্রনিক্সের প্রতি আমেরিকান চাহিদা হ্রাসের ফলে উপাদানগুলির প্রয়োজনীয়তাও প্রভাবিত হবে।

টেলিভিশন চুক্তি প্রস্তুতকারক সুপার প্লাস্ট্রনিক্সের চিফ এক্সিকিউটিভ অবনীত সিং মারওয়াহের মতে, চিনা নির্মাতারা উদ্বৃত্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। Kodak, Thomson ও Blaupunkt-এ ভারতীয় লাইসেন্স আছে তাঁর। মারওয়াহ বলছেন, “আতঙ্ক রয়েছে। চিন থেকে মার্কিন রফতানি স্থগিত রয়েছে। ভারতীয় কোম্পানি এবং চিনা যন্ত্রাংশ নির্মাতারা ৫% পর্যন্ত দাম কমানোর জন্য আলোচনা করছে। তবে, যেহেতু ভারতে অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী নয়, তাই কোম্পানিগুলি কিছু ছাড় দিতে পারে।”

এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শুল্কনীতির উপর ৯০ দিনের স্থগিতাদেশ জারি করেছেন। যে ৭৫টি দেশের উপরে প্রথমেই এই শুল্ক আরোপ করার কথা ছিল ট্রাম্পের, তাদের উপর এখনই ধার্য হচ্ছে না কর, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প জানিয়েছেন যে ১০ শতাংশ পারস্পরিক কর আরোপের কথা ঘোষণা করা হয়েছিল সেটি বহাল থাকছে, এর বাইরে অতিরিক্ত কোনো কর আরোপ করা হবে না বলেই জানানো হয়েছে ট্রুথ সোশ্যালে। তবে চিনের উপর থেকে এই কর সরানো হয়নি। চিনকে এই তালিকার বাইরেই রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিনের পণ্যের উপরে ১২৫ শতাংশ কর আরোপ করেছে মার্কিন সরকার। বেশ কিছু পোস্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সমস্ত মার্কিনিদের আশ্বস্ত করে বলেছেন যে এখন মাথা ঠান্ডা রাখার সময়, বিনিয়োগের সময়। এটাই কেনার ভাল সময়। অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

(Feed Source: abplive.com)