
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতেই কেন্দ্রীয় মন্ত্রীর নাতনিকে গুলি করে খুন স্বামীর! কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির নাতনিকে বাড়িতেই গুলি করে খুন করেছেন তাঁর স্বামী। জানা গিয়েছে, বাড়িতে ঝগড়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির নাতনি সুষমা দেবীর উপর গুলি চালান চাঁর স্বামী রমেশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী রমেশ।
বুধবার এই ভয়ংকর ঘটনাটি ঘটে বিহারের গয়ায়। পুলিস সূত্রে খবর, ঘটনার সময় আটরি ব্লকের টেটুয়া গ্রামের বাড়িতেই ছিলেন সুষমা দেবী, তাঁর সন্তান এবং বোন পুনম কুমারী। মৃতার বোন পুনমের দাবি, গতকাল দুপুর ১২টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরার পর সুষমা ও তাঁর স্বামী রমেশের মধ্যে ব্যাপক বাগবিতণ্ডা হয়। ঝগড়ার সময়ই রমেশ একটি দেশি পিস্তল বের করে পুনমকে গুলি করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রক্তাক্ত সুষমা দেবী। আর ঘটনাস্থল থেকে পালিয়ে যান রমেশ।
ঘটনার সময় পুনম ও সুষমার সন্তানরা অন্য ঘরে ছিল। গুলির আওয়াজ শুনে সকলেই ওই ঘরের দিকে ছুটে যায়। গুলি চালানোর শব্দ শুনে স্থানীয়রাও বাড়িতে ছুটে আসেন। জানা গিয়েছে, সুষমা দেবী ‘বিকাশ মিত্র’ হিসাবে কাজ করতেন। আর স্বামী রমেশ পটনায় লরি চালাতেন। তাঁর খোঁজে একটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিস। গয়া লোকসভা আসনের সাংসদ জিতেন মাঝি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগমন্ত্রী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
(Feed Source: zeenews.com)
