
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘মুসলিমদের বোর্ড হবে নাকি হিন্দুদের’? ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। পরিস্থিতি এমনই যে, কেন্দ্রের আইন অন্তর্বর্তী স্থগিতাদেশও জারি করে দিতে পারে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, ‘কোর্টে যখন এই বিষয়টি বিচারাধীন রয়েছে, তখন এই ধরণের হিংসার ঘটনা বাঞ্জনীয় নয়’।
ঘটনাটি ঠিক কী? বিরোধীদের আপত্তি খারিজ। সংসদীয় যৌথ কমিটি অনুমোদনের পর যখন সংসদে পাশ হয়ে গিয়েছে ওয়াকফ বিল, তখন এই বিলের বিরোধিতায় ৭২ আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আজ, বুধবার থেকে সেইসব মামলারই শুনানি শুরু হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে।
‘ওয়াকফ সংশোধনী আইন আদৌও সংবিধানসম্মত’? শুনানি কেন্দ্রের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আমরা দুটি বিষয়ে দুই পক্ষের মতামত চাই। এই মামলা আমাদের শোনা উচিত? নাকি হাইকোর্টে পাঠানো উচিত’? সংশোধনী বিলে ওয়াকফ কাউন্সিলে অমুসলিম বা হিন্দুদের নিয়োগ করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। সরকারপক্ষের কাছে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ‘আপনারা যদি মুসলিমদের হিন্দু ধর্মীয় ট্রাস্টে না রাখেন, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখা কীভাবে যুক্তসঙ্গত’?
এদিকে ওয়াকফ আইনে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে বাংলা-সহ দেশে বেশ কয়েকটি রাজ্যে হিংসা ছড়িয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, ‘কোর্টে যখন এই বিষয়টি বিচারাধীন রয়েছে, তখন এই ধরণের হিংসার ঘটনা বাঞ্জনীয় নয়’। আগামিকাল, বৃহস্পতিবার ফের মামলার শুনানি।
(Feed Source: zeenews.com)
