South 24 Parganas News: ইটভাটার মালিকের জন্য রয়েছে সুখবর, কাগজপত্র পেতে আর দৌড়াতে হবে না অফিসে, পুরোটাই হবে অনলাইনে

South 24 Parganas News: ইটভাটার মালিকের জন্য রয়েছে সুখবর, কাগজপত্র পেতে আর দৌড়াতে হবে না অফিসে, পুরোটাই হবে অনলাইনে

ইটভাটা

দক্ষিণ ২৪ পরগনা: এবার ইটভাটার নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করা যাবে সহজেই। সেই ব্যবস্থা এবার আনা হচ্ছে সরকারিভাবে। সরকারি পোর্টালে এতদিন নাম তুলতে অনীহা ছিল ইটভাটার মালিকদের একাংশের। প্রতি বছর নথি দিয়ে তবেই বৈধতার শংসাপত্র পেত ইটভাটা। তার জন্য জটিল প্রক্রিয়ার মাধ্যমে যেত হত তাঁদের। এবার সেই প্রক্রিয়াকেই সহজ করতে চলেছে রাজ্য সরকার। একবার নাম তুলে নিলেই হবে। এরপর প্রতি বছর মালিকদের রিনিউয়াল করতে হবে।

এর ফলে ইটভাটার মালিকদের রাজস্ব ফাঁকি দেওয়ার যে প্রবণতা, তা অনেকটাই কমানো যাবে বলে মনে করছে প্রশাসন মহল। পাশাপাশি ইটভাটাগুলোকে বৈধতা প্রদানের প্রক্রিয়াতেও গতি আসবে। সেই সঙ্গে এই কাজ সরাসরি ব্লকের ভূমি সংস্কার অফিস থেকেই করা যাবে বলে জানা গিয়েছে। নতুন নিয়মে জেলা অফিসের ভূমিকা কমানো হয়েছে।‌

বাংলার ভূমি পোর্টালে গিয়ে এতদিন ইটভাটার মালিকদের সমস্ত নথি দিয়ে আবেদন করতে হত। তারপর ব্লক ও জেলাতে সেই আবেদন খতিয়ে দেখা হত। এবার সেই প্রক্রিয়াকে সরল করা হচ্ছে। সিটিও, পরিবেশ রক্ষার শংসাপত্র, ধোঁয়া চেকের কাগজ, শিশুশ্রম না করানোর শংসাপত্র, চুল্লির পরিধি ঠিকঠাক আছে কি না, সমস্ত কিছু নথি দিয়ে পোর্টালে আপলোড করতে হত মালিককে। সেগুলো খতিয়ে দেখতেন ব্লকে ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। এবার এই কাজে আরও গতি আসবে বলে মনে করছেন সকলেই।

নবাব মল্লিক