
নয়াদিল্লি: দিন কয়েক আগেই কাশ্মীরের পহেলগাঁও হামলায় কেঁপে গিয়েছে গোটা দেশ। চারিদিকে শোরগোল। এরই মাঝেই মেল মারফৎ জীবননাশের হুমকি পেলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ভারতীয় কোচ গম্ভীরের মেল মারফৎ তাঁকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই তড়িঘড়ি পুলিশকে গম্ভীরের প্রতিনিধির তরফে অভিযোগ জানানো হয়। ‘আইএসআইএস কাশ্মীর’-র তরফে গম্ভীরকে এই হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। বুধবার দিনই উক্ত হুমকিমূলক বার্তার ছবিসহ মেল মারফৎ দিল্লি পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। গম্ভীর এবং তাঁর পরিবারের সুরক্ষা যত দ্রুত সম্ভব সুনিশ্চিত করার জন্য পুলিশকে অনুরোধও করা হয়েছে।
২২ এপ্রিল, মঙ্গলবার গম্ভীর দুইটি হুমকিমূলক মেল পান, একটি বিকেল ও একটি সন্ধে নাগাদ, যাতে ইংরেজিতে লেখা, ‘আইকিলইউ’ অর্থাৎ ‘তোমায় আমি মেরে ফেলব’। সদ্যই জঙ্গি নাশকতায় রক্তাক্ত ভূস্বর্গ। তারপরেই গোটা দেশেই নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। এরই মাঝেই দেশের শীর্ষস্তরের এক ব্যক্তিত্বের এহেন হুমকিমূলক বার্তা পাওয়া যে স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য। যে ধরনের হুমকি দেওয়া হয়েছে এবং বিশেষত বর্তমান পরিস্থিতিতে দিল্লি পুলিশ নিঃসন্দেহেই কোনরকম ঝুঁকি নিতে চাইবে না এবং দ্রুত গভীরে তদন্তসহ যা যা করণীয়, সেইসব পদক্ষেপ নেওয়া হবে আশা করা যায়।
তবে গম্ভীর কিন্তু এমন ধরনের হুমকিমূলক বার্তা যে এই প্রথমবার পেলেন, তেমনটা নয়। ২০২১ সালের নভেম্বের বিজেপির সাংসদ থাকাকালীনও গম্ভীরকে এমন হুমকিবার্তা পাঠানো হয়েছিল। এবার ফের তিনি হুমকির মুখে পড়লেন। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হানায় ২৭জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন দেশের ক্রিকেটমহলও। এর মধ্যে গৌতম গম্ভীরও রয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করছি। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদেরকে এর মূল্য চোকাতেই হবে। ভারত প্রত্যাঘাত করবে।’
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
গতকাল সানরাইজার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের তরফেও আইপিএলের ম্যাচে শুরুর আগেও এক মিনিটের নীরবতা পালন করা হয়। কালো আর্মব্যান্ড পরে ক্রিকেটাররা মাঠে নামেন। গোটা ক্রিকেটমহলের তরফেই এই ঘটনায় শোকজ্ঞাপন করা হয়েছে।
(Feed Source: abplive.com)
