Mamata Banerjee: মে মাসেই মুর্শিবাদাবাদে মমতা! ক্ষতিগ্রস্থদের সাহায‍্য থেকে শিল‍ান‍্যাস…একাধিক কর্মসূচি, এখন থেকেই তত্‍পর প্রশাসন

Mamata Banerjee: মে মাসেই মুর্শিবাদাবাদে মমতা! ক্ষতিগ্রস্থদের সাহায‍্য থেকে শিল‍ান‍্যাস…একাধিক কর্মসূচি, এখন থেকেই তত্‍পর প্রশাসন

Mamata Banerjee: জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যোগ্য উপভোক্তাদের মধ্যে বিতরণ করবেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়Mamata Banerjee: মে মাসেই মুর্শিবাদাবাদে মমতা! ক্ষতিগ্রস্থদের সাহায‍্য থেকে শিল‍ান‍্যাস…একাধিক কর্মসূচি, এখন থেকেই তত্‍পর প্রশাসন
মমতা বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদ: আগামী ৫ মে মুর্শিদাবাদে সরকারি সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই দিন জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যোগ্য উপভোক্তাদের মধ্যে বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক ছাড়াও ওই দিন মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামশেরগঞ্জের একাধিক জায়গা পরিদর্শন করলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের সভা স্থল কোথায় হবে তা এখনও চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে ঠিক হয়েছে সুতি বিধানসভার অন্তর্গত ছাবঘাটি ময়দানে এই কর্মসূচি হতে পারে।

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ১৯ এপ্রিল ওই মাঠেই মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এই বছর জানুয়ারি মাসের ২০ তারিখে মুর্শিদাবাদের লালবাগে শেষবারের মতো জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী।

ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘আগামী ৫ মে মুখ্যমন্ত্রী প্রথমে সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে আসবেন। সেখানে সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি এবং তাদের হাতে মানবিক মুখ্যমন্ত্রী সরকারি সাহায্য তুলে দেবেন।’

প্রসঙ্গত সম্প্রতি মেদিনীপুরের একটি সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মে মাসের প্রথম সপ্তাহে তিনি মুর্শিদাবাদের ধুলিয়ান এবং সামশেরগঞ্জে যাবেন। সেখানে অশান্তির সময় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী ওই সভা থেকেই ঘোষণা করেছিলেন হিংসার আগুনে যে সমস্ত পরিবারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে রাজ্যের সরকারি আবাস যোজনায় নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য তিনি বিশেষ কোনও প্রকল্পের ঘোষণা করতে পারেন বলে অনেকেই মনে করছেন।

অন্যদিকে মুখ্যমন্ত্রী জেলায় আসার খবর নিশ্চিত হতেই জেলা প্রশাসনের শীর্ষ মহলে তৎপরতা তুঙ্গে উঠেছে। কোন কোন প্রকল্পের উদ্বোধন হবে, কোন প্রকল্পের শিলান্যাস হবে এবং কোন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে তার তালিকা তৈরিতে ব্যস্ত একাধিক দফতর। পাশাপাশি ধুলিয়ান পুরসভা এলাকার একাধিক জায়গায় রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে।

অন্যদিকে হিংসা কবলিত সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্তদের পৃথক একটি তালিকা তৈরি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সাম্প্রতিক হিংসায় ওই এলাকায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রের খবর সামশেরগঞ্জ ব্লকে প্রায় ৩০০ টি ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের একটি তালিকা তৈরি করা হয়েছে যাদের হাতে মুখ্যমন্ত্রী বিশেষ সরকারি সাহায্য তুলে দিতে পারেন।