
ভাতারে প্লাস্টিকের জারে আটটি তাজা বোমা! নিষ্ক্রিয় করল সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াড


বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে। এই ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার জন্যই এই বোমা মজুত করা হয়েছে বলে আশঙ্কা করছেন এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার পূর্ব বর্ধমানের ভাতারে এই বোমা থাকার বিষয়টি জানাজানি হয়। ভাতারের কালুত্তক গ্রামে কবরস্থানের পাশে এই বোমা পাওয়া গিয়েছে। ঝোপের মধ্যে প্লাস্টিকের পাত্রে রাখা ছিল বোমাগুলি। খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে রাখে। খবর দেওয়া হয় সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডে। মঙ্গলবার তারা এসে বোমাগুলি উদ্ধার করে এবং নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কে বা কারা বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।
এলাকার বাসিন্দারা বলছেন, ”ভোটের আগে বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়। কিন্তু এখন তো ভোট অনেক দেরি। কারা কেন এই বোমা মজুত করেছে তা খতিয়ে দেখুক পুলিশ।” জানা গিয়েছে, সোমবার কবর স্থানের পাশে ঝোপের মধ্যে প্লাস্টিকের জার দেখে এক ব্যক্তির সন্দেহ হয়। তিনি কাছে গিয়ে দেখেন ওই পাত্রের মধ্যে বোমা রাখা রয়েছে। সেই খবর কিছুক্ষণের মধ্যেই গ্রামে ছড়িয়ে পড়ে। উৎসাহী অনেকেই সেখানে ভিড় করে। খবর পেয়ে ভাতার থানার পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ এলাকা ঘিরে রাখে।
ভাতার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পাত্রে বোমা রয়েছে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তাই যাতে বোমা ফেটে বিপদ না ঘটে তা নিশ্চিত করতে ওই এলাকা ঘিরে রাখা হয়। পাশাপাশি সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়। তারা এসে ওই পাত্র থেকে আটটি বোমা উদ্ধার করে। তবে কারা কোন উদ্দেশ্যে সেখানে বোমা মজুত করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।