রুশদির ভূমিকায় নাসিরউদ্দিন!কৌশিকের পরিচালনায় সাহিত্যিকের ছুরি হামলা এবার মঞ্চে

রুশদির ভূমিকায় নাসিরউদ্দিন!কৌশিকের পরিচালনায় সাহিত্যিকের ছুরি হামলা এবার মঞ্চে

কৌশিক সেনের পরিচালনায় এবার আসতে চলেছে সলমন রুশদির উপর যে ছুরি হামলা হয়েছিল সেই ঘটনার নাট্যরূপ। তবে বড় পর্দা বা OTT মাধ্যম নয়। সেই ঘটনা দেখা যাবে নাটকের মঞ্চে। আর নাম ভূমিকায় অর্থাৎ সাহিত্যিকের চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে।

কী ঘটেছে?

আজকালের তরফে এদিন একটি রিপোর্টে জানানো হয় যে স্বপ্নসন্ধানী নাট্যদলের তরফে এবার সলমন রুশদির উপর যে ছুরি হামলা হয়েছিল সেই ঘটনাকে নাট্যরূপ দেওয়া হবে। সাহিত্যিকের উপর ঘটা সেই আক্রমণের বিবরণী তাঁরই লেখা বই নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার এর উপর ভিত্তি করে কৌশিক সেন এই আসন্ন নাটকের নাম রেখেছেন নাইফ। জানা গিয়েছে স্বপ্নসন্ধানীর এই আগামী প্রযোজনা নাকি ২০২৫ সালেই মঞ্চস্থ হবে। চলতি বছরের নভেম্বরে মঞ্চস্থ হবে নাইফ।

চমক এখানেই শেষ নয়। আজকালের তরফে এও জানানো হয়েছে সলমন রুশদির ভূমিকায় থাকবেন বলিউডের দাপুটে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ঋদ্ধি সেন এবং কৌশিক সেনও থাকবেন এই নাটকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এই নাটকের বিষয়ে ঋদ্ধি উক্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাইফ নাটকটি একটি প্যান ইন্ডিয়া নাটক হতে চলেছে। ফলে কেবল কলকাতা নয়, স্বপ্নসন্ধানীর এই নাটক দিল্লি, মুম্বই তো বটেই, দেশের আরও একাধিক শহরে মঞ্চস্থ হবে। নাইফ নাটকের দলটিও জাতীয় কোলাবোরেশনে তৈরি হবে বলেই তিনি জানিয়েছেন। তবে সলমন রুশদির চরিত্রে কি সত্যিই নাসিরুদ্দিন শাহ থাকবেন? এই বিষয়ে ঋদ্ধি জানিয়েছেন, ‘এখনও চূড়ান্ত কিছু হয়নি। আলোচনা চলছে স্ক্রিপ্ট নিয়ে।’ অভিনেতা এও জানিয়েছেন যে তাঁরা পরিবারের সকলেই নাসিরুদ্দিন শাহের গুণমুগ্ধ। তাঁদের পারিবারিক সম্পর্ক আছে।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২২ সালে নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠানে ভাষণ দিতে গিয়েছিলেন সলমন রুশদি। সেখানেই তাঁর উপর ছুরির হামলা চালানো হয়। এক ব্যক্তি তাঁর উপর এলোপাথাড়ি ভাবে ছুরি দিয়ে আঘাত করেন। সেই ঘটনার পর তিনি ভেন্টিলেশনে ছিলেন। যদিও সেই হামলার পরে সুস্থ হয়ে উঠেছেন তিনি, কিন্তু হারিয়েছেন একটি চোখের দৃষ্টিশক্তি। এই ঘটনা নিয়ে ২০২৪ সালে প্রকাশ পায় তাঁর লেখা বই নাইফ। প্রকাশ পেতেই দারুণ সাড়া ফেলেছিল সেই বইটি।

(Feed Source: hindustantimes.com)