Trawler Capsized: খারাপ আবহাওয়ায় মাঝ নদীতে ডুবল ট্রলার, নিখোঁজ ১৯ জন, চলছে কোস্টগার্ডের উদ্ধারকাজ

Trawler Capsized: খারাপ আবহাওয়ায় মাঝ নদীতে ডুবল ট্রলার, নিখোঁজ ১৯ জন, চলছে কোস্টগার্ডের উদ্ধারকাজ

সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গিয়েছে। এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৯ জন, যাদের মধ্যে দুজন পুলিসও সদস্য রয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবার চর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশের নোয়াখালীর ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুবউদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধির কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিস সদস্য, একজন রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মীদের নিয়ে ৩৯ জন যাত্রী একটি ট্রলারে করে হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে ভাসানচর থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার অগ্রসর হলে করিমবাজার সংলগ্ন ডুবার চরের মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডকে খবর দেন ভাসানচর থানার ওসি কুতুব উদ্দিন।

বাংলাদেশের নোয়াখালীর হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জি ২৪ ঘন্টাকে জানিয়েছেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন। যাদের মধ্যে দুজন পুলিস সদস্যও রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

(Feed Source: zeenews.com)