
#মুম্বই: অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর এক দিনের মধ্যেই রেগে আগুন আলিয়া ভাট। ‘পুরুষতান্ত্রিক সমাজে বাস করি!’ ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ আলিয়ার। কেন রেগে গেলেন হবু মা?
মা হতে চলেছেন তিনি। সোমবার সকালে ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন আলিয়া। সোনোগ্রাফির জন্য হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। পাশে বসে রয়েছেন স্বামী রণবীর কপূর। সোনোগ্রাফির স্ক্রিন দেখা যাচ্ছে। কিন্তু তার উপরে প্রেমের চিহ্ন জুড়ে দিয়েছেন আলিয়া। যাতে সোনোগ্রাফির আসল ছবিটি জনসমক্ষে না আসে। হাসিমুখে হবু মা তাকিয়ে রয়েছেন তাঁর হবু সন্তানের দিকে। ছবিটির সঙ্গে লিখেছেন, ‘আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।’
তার পর থেকেই বিভিন্ন খবর শোনা যাচ্ছে কানাঘুষো। কখনও জানা যাচ্ছে, আলিয়া তাঁর আগামী ছবিগুলির শ্যুটিং বাতিল করে বিরতি নেবেন। কখনও আবার জানা যাচ্ছে, রণবীর বিদেশে গিয়ে হবু সন্তানের জন্য কেনাকাটা শুরু করেছেন। মাঝে মাঝে শোনা যাচ্ছে, বিদেশে শ্যুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে যাচ্ছেন রণবীর।
নিজেদের সম্পর্কে এত খবর শুনে রেগে আগুন হবু মা। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিবাদ জানালেন এই ধরনের রটনার বিরুদ্ধে। আলিয়া লিখলেন, ‘আমরা এখনও কিছু মানুষের মাথায় বাস করি। আমরা এখনও পুরুষতান্ত্রিক পৃথিবীতে বাস করি। সকলকে জানিয়ে দিই, কোনও কাজ পিছিয়ে দেওয়া হয়নি। কেউ কাউকে কোথাও থেকে কোথাও নিয়ে যাচ্ছে না। বা তুলতে আসছে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার মোটেও বিশ্রামের দরকার নেই। তবে আপনার কাছে যে চিকিৎসকের সার্টিফিকেশন আছে, তা জেনে ভালো লাগল। সালটা ২০২২। আমরা কি দয়া করে এই প্রাচীন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারি? আমাকে যেতে হবে। আমার শট রেডি।’
