
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে উদ্বেগজনক কোভিড পরিস্থিতি। গত ২ দিনের মধ্যে সংক্রামিত ১০০০ বেড়ে ভারতে কোভিডের আক্রান্তের (Covid in India) সংখ্যা প্রায় ৫০০০ ছুঁই ছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়ার শেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ৫৬৪ জন করোনা পজেটিভ (Covid 19) পাওয়া গিয়েছে। ফলে ভারতে মোট সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮৬ জন। আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতও (Covid Deaths in India)। গত ২৪ ঘণ্টা নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে কোভিডে। এমনকি ৫ মাসের এক শিশুও কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।
করোনায় মৃত ৫ মাসের শিশুও
মৃত ৭ জনের মধ্যে ৩ জন মহারাষ্ট্রের। অন্যদিকে দিল্লি ও কর্ণাটকে ২ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত ৭ জনের মধ্যে ৬ জন বয়স্ক। তাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নিউমোনিয়ার মতো কো-মরবিডিটি সংক্রান্ত সমস্যা ছিল। মৃতদের মধ্যে একজন ৫ মাসের এক শিশুপুত্র। তার শ্বাসকষ্ট ছিল। সারা দেশের মধ্যে কেরালায় আক্রান্ত সবচেয়ে বেশি। তারপরই রয়েছে দিল্লি, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র।
করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের নির্দেশ
ভারতে কোভিডের নতুন করে বাড়বাড়ন্তের কারণ হল LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 সাব-ভ্যারিয়েন্ট সহ নয়া স্ট্রেইন। ২২ মে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ২৫৭। আর ১৫ দিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে ৪,০০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ সহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
কোভিড রুখতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের গাইডলাইন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড-১৯ ও অন্যান্য ভাইরাল জ্বরের মধ্যে পার্থক্য করার উপর গুরুত্ব দিয়েছেন। কারণ উভয় ক্ষেত্রেই জ্বর ও ক্লান্তির লক্ষণ এক। পাশাপাশি করোনা নিয়ন্ত্রেণে মাস্ক পরা, হাত ধোওয়া, স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো কোভিড গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।
(Feed Source: zeenews.com)
