ইডেনে ইতিহাস গৌরবের, বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সেঞ্চুরি, জিতল রাঢ় টাইগার্স, কলকাতা

ইডেনে ইতিহাস গৌরবের, বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সেঞ্চুরি, জিতল রাঢ় টাইগার্স, কলকাতা

কলকাতা: গত মরশুমে খুব কাছাকাছি গিয়েছিলেন আসিফ হোসেন। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের জার্সিতে ৫৭ বলে ৯৯ রান করেছিলেন। সেটাই ছিল বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20 League) ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

সেই আসিফ হোসেন প্রয়াত হয়েছেন। বাড়িতেই পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় তাঁর। আসিফের স্মৃতিতে এবারও হাওড়া ওয়ারিয়র্স ডাগ আউটে তাঁর নামাঙ্কিত জার্সি সাজিয়ে রাখছে। তবে আসিফের অপূর্ণ কাজ সোমবার পূর্ণ করলেন গৌরব চৌহান। শ্রাচী রাঢ় টাইগার্সের ক্রিকেটার বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সেঞ্চুরিটি করলেন। ইডেনে তাঁর ৫৫ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে চলতি মরশুমে প্রথম জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ৯ উইকেটে হারাল তারা।

সোমবার ইডেনে রাঢ় টাইগার্সের সামনে লক্ষ্য ছিল ১৬১ রান। ১৭.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা। ঝোড়ো ইনিংসে গৌরব ১১টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি মারেন। অপর প্রান্ত থেকে ৪৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গত করেন অভিষেক বসু। অবিচ্ছেদ্য দ্বিতীয় উইকেটে ৯৬ বলে ১৫২ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ জিতিয়ে দেন গৌরব ও অভিষেক। তার আগে প্রথমে ব্যাট করে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ২০ ওভারে ১৬০/৮ তোলে। শুভম চট্টোপাধ্যায় ৩৪ বলে ৩৯ রান করেন। প্রীতম চক্রবর্তী ও সৈকত দাস ২টি করে উইকেট নেন।

রণিত-কর্ণ-দেবপ্রতিমের দাপটে জয়ী কলকাতা টাইগার্স

রণিত ঘোষের অলরাউন্ড পারফরম্যান্স। প্রথমে ব্যাট হাতে ৪০ রান। পরে বল হাতে ১০ রানে ৩ উইকেট। সঙ্গে কর্ণ লালের হাফসেঞ্চুরি (৫১ রান) ও দেবপ্রতিমের ১০ রানে ৩ উইকেটের দাপটে বেঙ্গল প্রো টি-২০ লিগে মুর্শিদাবাদ কিংসকে ১১ রানে হারাল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।

৬ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে কলকাতা টাইগার্সের ঝুলিতে। সেমিফাইনালের দৌড়ে রয়েছে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে মুর্শিদাবাদ কিংসের ঝুলিতে। ম্যাচের সেরা হয়েছেন রণিত। শুরুতে ব্যাট করে কর্ণ লালের ঝোড়ো ইনিংসে ভর করে কলকাতা তোলে ১২৯/৬। বৃষ্টিবিঘ্নবিত ম্যাচটি কমে ১৮ ওভারের হয়। রান তাড়া করতে নেমে সুদীপ কুমার ঘরামি ৫২ বলে ৭১ রান করলেও শেষরক্ষা করতে পারেননি। ১১৭ রানে অল আউট হয়ে যায় মুর্শিদাবাদ।

এদিন মহিলাদের বিভাগে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে ৯ উইকেটে হারায় মুর্শিদাবাদ কুইন্স। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারায় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। হারবার ডায়মন্ডসকে ২৬ রানে হারায় সোবিস্কো স্ম্যাশার্স মালদা।

(Feed Source: abplive.com)