
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশের জনপ্রিয় হিল স্টেশন মানালি (Manali) সফরে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছে হরিয়ানার (Haryana) মহেন্দ্রগড় জেলার এক পর্যটক পরিবার। পরিবারটি অভিযোগ করেছে, ছোট্ট একটি পার্কিং সমস্যা নিয়ে শুরু হওয়া কথা কাটাকাটি পরিণত হয় বেধড়ক মারধরে। ঘটনায় একাধিক সদস্য আহত হয়েছেন, এমনকি পরিবারের চার মাসের শিশুকন্যাও আঘাত পেয়েছে।
ভাইরাল ভিডিও ও ক্ষোভ প্রকাশ
ঘটনার পর এক ভুক্তভোগীর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তিনি বলেন, “মানালি পাকিস্তানের থেকেও খারাপ। এখানে কেউ আসবেন না, এখানে পর্যটকদের কোনও সুরক্ষা নেই।” এই মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
কী ঘটেছিল ওই দিন?
ঘটনাটি ঘটেছে ২২ জুন (রবিবার)বিকেল ৫টার দিকে, মানালির বিখ্যাত বশিষ্ঠ মন্দির দর্শন করে ফেরার পথে। প্রদীপ (৩৫), যিনি হরিয়ানার সাতনালি, মহেন্দ্রগড় জেলার বাসিন্দা, তিনি তাঁর স্ত্রী দীপিকা (২৮), চার মাসের কন্যা জিয়া, এবং আরও চারজন আত্মীয়-সহ মোট সাতজনের একটি দল নিয়ে ঘুরতে গিয়েছিলেন।
মিশন রোড দিয়ে ভাড়া করা মোটরসাইকেলে ফিরছিলেন তারা, সেই সময় একটি জিপ রাস্তা আটকে রেখেছিল। সেই পরিস্থিতিতে এক ব্যক্তি এসে প্রদীপের স্কুটির চাবি চান, গাড়ি সরানোর জন্য। কিন্তু চাবি ফেরত দেওয়ার পরই সেই ব্যক্তি আচমকা বচসা শুরু করেন।
Went to Manali for memories,
Came back with scars.No safety, no help, felt worse than Pakistan.
– Tourist beaten with family pic.twitter.com/hgnIvvjcfv— Mohd Shadab Khan (@VoxShadabKhan) June 24, 2025
প্রদীপের অভিযোগ, সেই ব্যক্তি হঠাৎ করে তাঁর স্ত্রী দীপিকার গলা চেপে ধরেন এবং তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন, তখন দীপিকা কোলে তাঁদের চার মাসের মেয়ে জিয়াকে ধরে ছিলেন। ফলে শিশুটি রাস্তায় পড়ে গিয়ে আঘাত পায়।
এরপর আরও তিন-চার জন স্থানীয় ব্যক্তি ঘটনাস্থলে এসে তাঁদের মারধর শুরু করে। অভিযোগ, হামলাকারীরা জাতিবিদ্বেষমূলক গালি দেয় এবং প্রাণনাশের হুমকিও দেয়।
পুলিশের ভূমিকা ও মামলা দায়ের
আহত পরিবার দুবার পুলিস স্টেশনে গেলেও, প্রথমে পুলিস কোনও উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত ২৩ জুন FIR দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)এর একাধিক ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে: ধারা ১২৬(২):নারীকে অপমান বা বিবস্ত্র করার উদ্দেশ্যে হামলা, ধারা ১১৫(২):বিপজ্জনক অস্ত্র বা পদ্ধতিতে আঘাত করা, ধারা ৩৫২:কারণ ছাড়াই হামলা বা বলপ্রয়োগ, ধারা ৩৫১(২): কাউকে অসম্মান করার উদ্দেশ্যে বলপ্রয়োগ, ধারা ৩(৫): দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত।
এই ঘটনার পর মানালিতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে পর্যটক মহলে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে প্রভাবিত পরিবার।
(Feed Source: zeenews.com)
