একদিনের প্রধানমন্ত্রী, সিনেমার গল্প এখন বাস্তব, রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাইল্যান্ড

একদিনের প্রধানমন্ত্রী, সিনেমার গল্প এখন বাস্তব, রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাইল্যান্ড

ব্যাঙ্কক: বলিউড ছবির গল্প বাস্তবে পরিণত হল। একদিনের প্রধানমন্ত্রী পেল তাইল্যান্ড। রাজনৈতিক দোলাচলের মধ্যেই তাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন সুরিয়া জাংরুংরিয়াংকিত। বুধবার মাত্র ২৪ ঘণ্টার জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হলেন তিনি। রাত পোহালেই নতুন প্রধানমন্ত্রী পাবেন তাইল্যান্ডের নাগরিকরা। তবে একদিনের জন্য হলেও, প্রধানমন্ত্রীর যাবতীয় দায়িত্ব পালন করছেন সুরিয়া। (Thailand News)

এই মুহূর্তে তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে তাইল্যান্ড। ২০২৪ সালের ১৬ অগাস্ট দেশের প্রথানমন্ত্রী নির্বাচিত হন পেতোংতার্ন শিনাওয়াত্রা। একে মহিলা, তার উপর বয়স ৪০-এর নীচে, ফলে তাঁকে নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েন পেতোংতার্ন। কম্বোডিয়ার নেতা হান সেনের সঙ্গে তাঁর কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়। (Thailand ‘One Day PM’)

কম্বোডিয়ার নেতাকে ফোনে ‘কাকু’ বলে সম্বোধন করেন পেতোংতার্ন। ফোনে কথা বলার সময় তাইল্যান্ডের সেনাকর্তারও তীব্র সমালোচনা করেন তিনি। ওই অডিও রেকর্ডিং সামনে আসতেই পেতোংতার্নের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন। তাঁর পদত্যাগের দাবি তোলেন। সেই মতো পিটিশনও জমা পড়ে আদালতে। আর আদালত মঙ্গলবার পেতোংতার্নকে সাসপেন্ড করে।

এমন পরিস্থিতিতে দেশে প্রশাসনিক সঙ্কট দেখা দেয়। সেই অবস্থায় মন্ত্রিসভায় রদবদল হয়। আর তা করতে গিয়ে দেশের পরিবহণ মন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী সুরিয়া একদিনের জন্য প্রধানমন্ত্রী কুর্সিতে বসেন। একদিনের জন্য হলেও, প্রধানমন্ত্রীর সব দায়িত্বই পালন করছেন সুরিয়া। ব্য়াঙ্ককে আয়োজিত প্রধানমন্ত্রীর দফতরের ৯৩ বছর পূর্তির অনুষ্ঠানেও যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে অনুষ্ঠানে যোগ দিলেও, ৯৩ ঘণ্টাও ওই পদে থাকবেন না সুরিয়া।

৭০ বছর বয়সি সুরিয়া তাইল্যান্ডের অন্যতম অভিজ্ঞ রাজনীতিক। বিভিন্ন দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার জন্য সুনামও রয়েছে তাঁর। তবে কালই প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হবে সুরিয়াকে। বৃহস্পতিবার তাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফুমথাম ওয়েচায়াচাই। তবে একদিনের প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে খবরের শিরোনামে সুরিয়া।

তাইল্যান্ডের একদিনের প্রধানমন্ত্রীর কথা শুনে ভারতীয়রা বিশেষ করে চমকে উঠেছেন। কারণ অনিল কপূর-রানি মুখোপাধ্যায় অভিনীত ‘নায়ক’ ছবির গল্প মনে পড়ে যাচ্ছে সকলের। সেখানে অমরীশ পুরী দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেন, অনিল কপূর হন সাংবাদিক। ছবিতে অমরীশের চ্যালেঞ্জ গ্রহণ করে একদিনের জব্য মুখ্যমন্ত্রী হন অনিল।

তবে তাইল্যান্ডের পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ পেতোংতার্ন রাজনৈতিক পরিবারের মেয়ে। দেশের রাজনীতিকে দশকের পর দশক কার্যত নিয়ন্ত্রণ করেছে তাঁর পরিবার। আপাতত পিছু হটলেও, তাঁর পরবর্তী পরিকল্পনা কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে সময়ের সঙ্গে তাঁর পরিবারের রাজ আলগা হচ্ছে বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের।

(Feed Source: abplive.com)