
North 24 Parganas News: রোডের ধারে থাকা একটি পুরনো শিরীষ গাছের পোকাধরা শুকনো ডাল ভেঙে, মৃত্যু হল এক মহিলার।
যশোর রোডে গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু বৃদ্ধার
উত্তর ২৪ পরগনা: জাতীয় সড়ক যশোর রোডে ফের গাছ বিপদের আশঙ্কা! অতীতেও প্রাচীন যশোর রোড পার্শ্বস্থ এই দীর্ঘাকৃতির গাছগুলির জন্য প্রাণ সংশয়, দুর্ঘটনা ঘটেছে। তাই এলাকার স্থানীয় মানুষজন কিছুটা হলেও যেন আতঙ্কে থাকেন এই গাছগুলিকে নিয়ে। তবে আবারও এদিন গাছের ডালই প্রাণ কাড়ল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা চলা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণেই ঘটেছে এমন বিপত্তি। অনিমা দেবীর বাড়ি যশোর রোড লাগোয়া সরকারি জমিতে, টিনের ছাউনি দেওয়া একটি ঘর। হঠাৎই একটি বড় শুকনো ডাল সেই ঘরের উপর ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী নাতি রবি দাস জানান, দমকা হাওয়ায় শিরীষ গাছের ডাল ভেঙে টিনের চাল ভেদ করে সোজা দিদিমার মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার মেয়ে মিঠু দাস বলেন, এ রকম গাছ এবং ডাল যশোর রোডের ধারে প্রচুর রয়েছে। সেগুলিকে আগে না কাটলে আরও দুর্ঘটনা ঘটবে। স্থানীয়রা বলছেন, বারবার একই ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হয় না। ফলে যশোর রোড এই প্রাচীন গাছগুলি যেন হয়ে উঠেছে আতঙ্ক।
Rudra Narayan Roy
