India-Bangladesh: বিমান বিধ্বস্ত বাংলাদেশে বিপর্যয়, দিল্লি পাঠাচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার-নার্স-সরঞ্জাম…

India-Bangladesh: বিমান বিধ্বস্ত বাংলাদেশে বিপর্যয়, দিল্লি পাঠাচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার-নার্স-সরঞ্জাম…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমান বিধ্বস্ত বাংলাদেশে নেমে এসেছে বিপর্যয়! গত সোমবার পুর দেড়টার পর, ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুলের এক ভবনের উপর ভেঙে পড়ে বাংবাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই (Air Force F-7 BGI০। আর তারপরেই স্কুলে আগুন ধরে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন বলেই জানা গিয়েছে। আহত শতাধিক, তাদের বেশির ভাগই শিক্ষার্থী। ছোট ছোট পড়ুয়ারদের আগুনে পোড়া অবস্থায় স্কুল থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবেশি দেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিল ভারত!

বার্ন স্পেশালিস্ট ও নার্সের টিম

আহতদের চিকিৎসায় সহায়তা করার জন্য দিল্লি ঢাকায় পাঠাচ্ছে বার্ন স্পেশালিস্ট ও নার্সের টিম। এর সঙ্গেই পাঠানো হচ্ছে উন্নত চিকিৎসা সরঞ্জাম। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মধ্যে আলোচনার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্তা বলেছেন, ‘আমরা আশা করছি দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক–যাঁদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তাঁরা ও নার্সদের একটি ছোট টিম আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।’তিনি যোগ করেছেন যে, পাঠানো হচ্ছে মেডিক্যাল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরো চিকিৎসকরাও যাবেন। গতকালের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের বিদেশিসচিব বিক্রম মিস্রী বাংলাদেশে তাঁর কাউন্টারপার্টকে ফোন করেন এবং যে কোনও দরকারে ভারত যে সর্বোতভাবে সাহায্য করতে প্রস্তুত, সে কথাও তাঁকে জানিয়ে দেন।

মোদীও বাংলাদেশের ঘটনায় শোকাহত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং বলেছেন যে, এই সংকটের সময়ে বাংলাদেশের পাশে আছে ভারত এবং সকল প্রকার সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। বিমান দুর্ঘটনার পর থেকেই ঢাকায় ভারতীয় হাই কমিশন বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছে। বাংলাদেশ জানিয়েছে যে, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত ব্যক্তিই পোড়া অবস্থায় আহত। বিশেষজ্ঞ ডাক্তার-নার্স-সরঞ্জামের অনুরোধের সঙ্গে সঙ্গেই ভারত সাড়া দিয়েছে। উভয় দেশের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, পরিস্থিতির উপর নির্ভর করে আগামী দিনে ভারত থেকে আরও ডাক্তার এবং নার্স আসবেন বলে আশা করা হচ্ছে।

ভারত-বাংলাদেশ

ইউনূসের সরকার আসার পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক আর ততটাও মধুর নয়। গঙ্গা-পদ্মা দিয়ে বিস্তর জল বয়ে গিয়েছে। ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তুলনামূলক ভাবে শীতল হয়ে পড়েছে! কিন্তু ভারত আবারও তার জাত চিনিয়ে বিপর্যস্ত বাংলাদেশের পাশে দাঁড়াল। সংকটের সময় এই মানবিক পদক্ষেপকে দুই প্রতিবেশীর মধ্যে উষ্ণতা এবং সংহতির একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। গত দেড় দশকে বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ বিমানের নবম দুর্ঘটনা। ২০১০ সাল থেকে এ পর্যন্ত আটটি বড় দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেখানে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের এই দুর্ঘটনা অতীতের সেইসব করুণ স্মৃতিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

(Feed Source: zeenews.com)