
সেলিম রেজা, ঢাকা: সমকামিতার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার!
পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত সমকামীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা৷
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সমকামিতার অভিযোগের সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কার করা হল।
শিক্ষার্থীরা জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেছেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমকামিতা ছড়িয়ে পড়েছে। মাত্র পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীরা ছয় মাস ধরে তথ্য-প্রমাণ সংগ্রহ করে জেনেছে যে, সমকামী ৩০ থেকে ৪০ জন৷ তাদেরকে শুধু হল থেকে নয়, স্থায়ীভাবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে৷
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জি ২৪ ঘন্টাকে টেলিফোনে বলেন, এই ঘটনাটি সত্য৷ আমরা অভিযুক্তদের ব্যাপারে আরও অনুসন্ধান করবো৷ শিক্ষার্থীরা এ মুহূর্তে বিক্ষোভ করছে। আমি পরে আপনাকে বিস্তারিত জানাব৷
(Feed Source: zeenews.com)
