
মেলবোর্নের একটি শপিং সেন্টারের বাইরে ভারতীয় বংশোদ্ভূতকে চাপাতির কোপ। জানা গিয়েছে, একদল কিশোর এই বর্বর হামলা চালায় ৩৩ বছর বয়সি সৌরভ আনন্দের ওপর। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আল্টোনা মিডোসের সেন্ট্রাল স্কয়ার শপিং সেন্টারের একটি ফার্মেসির বাইরে এই ঘটনাটি ঘটেছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেখান থেকে ওষুধ কিনে বেরোচ্ছিলেন আনন্দ। তখন তাঁর ওপর এই হামলা হয়।
অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলার সময় তাঁর ওপর পাঁচজন কিশোর আক্রমণ করে। এক কিশোর তাঁর পকেটে হাত ঢুকিয়ে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করে, আরেকজন আনন্দকে বারবার ঘুষি মারে এবং তৃতীয়জন তাঁর গলায় চাপাতি তাক করে ছিল। ব্লেডটি তাঁর কব্জি, হাত এবং হাড় ভেদ করে বেরিয়ে যায়।
হাসপাতালের বেড থেকে আনন্দ সেই হামলা সম্পর্কে বলেন, ‘আমার কেবল মনে আছে যে প্রচণ্ড ব্যথা করছিল। আমার হাত নাড়াতে পারছিলাম না। আনন্দের কাঁধ ও পিঠে গভীর ক্ষত রয়েছে। তাঁর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। হাতে একাধিক হাড় ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে পথচারীরা আনন্দের চিৎকার শুনে জরুরি পরিষেবায় ফোন করে। তাঁকে দ্রুত রয়্যাল মেলবোর্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সার্জনরা প্রাথমিকভাবে অঙ্গচ্ছেদের কথা ভেবেছিলেন। তবে কয়েক ঘণ্টার সূক্ষ্ম অস্ত্রোপচারের পরে শেষ পর্যন্ত তাঁর বাঁহাতটি পুনরায় সংযুক্ত করা হয়। তাঁর কব্জি এবং হাতে স্ক্রু ঢোকানো হয়েছে। তবে এখনও আনন্দ হাত নাড়াতে পারছেন না।
এদিকে ঘটনায় অভিযুক্ত ৫ জনের মধ্যে থেকে ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের ২ জন ১৪ বছর বয়সি, ২ জন ১৫ বছর বয়সি। এদিকে ধৃতদের দু’জন জামিনে মুক্তি পেয়েছে। এই নিয়ে দুঃখপ্রকাশ করেন আনন্দ। তিনি বলেন, ‘আমি ন্যায়বিচার চাই… আমি চাই এই ঘটনাটি পরিস্থিতির পরিবর্তনের অনুঘটক হয়ে উঠুক।’
(Feed Source: hindustantimes.com)
