Leopard kills child: ভয়ংকর! মাঝরাতে ঘুম ভাঙতেই দেখলেন বিছানায় নেই ছেলে, ঘরের বাইরে পা রাখতেই হাড়হিম বাবার…

Leopard kills child: ভয়ংকর! মাঝরাতে ঘুম ভাঙতেই দেখলেন বিছানায় নেই ছেলে, ঘরের বাইরে পা রাখতেই হাড়হিম বাবার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে কুঁড়েঘরের মধ্যে বাবার পাশে শুয়ে ছিল ৫ বছরের শিশু। তাকে তুলে নিয়ে চলে গেল চিতাবাঘ। গ্রামের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুর দেহ পাওয়া গেল পাশের আখের খেতে। উত্তর প্রদেশের লখিমপুর খেড়ির জ্ঞানপুর গ্রামের ঘটনা।

পুলিস সূত্রে খবর শনিবার রাত নটা নাগাদ খেত পাহারা দিতে গিয়েছিলেন গ্রামের কৃষক সুশীল কাশ্যপ। সঙ্গে নিয়েছিলেন তাঁর ছোট ছেলে বাদলকে। রাতে খাবার পর দুজনেই কুঁড়েঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। রাত একটা নাগাদ ঘুম ভেঙে যায় সুশীলের। চমকে উঠে দেখেন পাশে নেই ছেলে বাদল। কুঁড়ে থেকে বেরিয়ে তিনি ছেলের খোঁজ করতে থাকেন। তখনই দেখেন কুঁড়ে থেকে কয়েক মিটার দূরে চিতাবাঘের পায়ের ছাপ। তখনও আর কিছু বুঝতে বাকী থাকেনি সুশীলের।

ছেলেকে না পেয়ে গ্রামে ছুটে যান সুশীল। প্রতিবেশীদের জাগিয়ে তোলেন। পাড়ার প্রায় ২০ জন মাঠে নেমে পড়েন বাদলকে খুঁজতে। চিতাবাঘের পায়ের ছাপ অনুসরণ করে যেতে যেতে শেষপর্যন্ত তারা বাদলের মৃতদেহ খুঁজে পান আখের খেতের মধ্যে। জায়গাটি কুঁড়েঘর থেকে মাত্র ১৫০ মিটার দূরে।

ছেলের মৃতদেহ দেখে বাবরবার জ্ঞান হারাচ্ছেন বাদলের মা। কিছুদিন হল বাদল স্কুলে যেতে শুরু করেছিল। প্রায় সবসময় বাবার সঙ্গে সঙ্গে থাকত। তার মধ্যেই এই পরিণতি।

গোলা ফরেস্ট রেঞ্জ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সুশীলদের গ্রাম। ওই বনে থাকে বাঘ ও চিতাবাঘ। প্রায়শই তারা লোকালয়ে চলে আসে। গৃহপালিত পশু তুলে নিয়ে যায়। রেঞ্জার সঞ্জীব তিওয়ারি বলেন, গ্রামবাসীদের বলে দেওয়া হয়েছে রাতের দিকে তারা যেন বনের কাছাকাছি না যান। কারণ বনে কমপক্ষে ৮টি বাঘ ও ১০টি চিতাবাঘ রয়েছে।

(Feed Source: zeenews.com)