নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল মহিলাদের রাজনৈতিক দল, নিঃশব্দে বিপ্লব ঘটে গেল ইরাকে

নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল মহিলাদের রাজনৈতিক দল, নিঃশব্দে বিপ্লব ঘটে গেল ইরাকে

নয়াদিল্লি: পুরুষদের ছত্রছায়ায় নয় আর। নিজেদের পাওয়া বুঝে নেওয়ার পালা। সেই লক্ষ্য়েই নিঃশব্দ বিপ্লব ঘটে গেল ইরাকে। নভেম্বরে দেশে সংসদীয় নির্বাচন। তার আগে এই প্রথম দেশে যাত্রা শুরু করল মহিলাদের রাজনৈতিক দল। শুধু ইরাক বলেই নয়, আরব দুনিয়ায় এই প্রথম মহিলাদের রাজনৈতিক দলের সূচনা ঘটল। (Iraq News)

চলতি বছরের নভেম্বর মাসে সংসদীয় নির্বাচন ইরাকে। তার আগে আত্মপ্রকাশ করল মেয়েদের রাজনৈতিক দল ‘আল মাওয়াদ্দা পার্টি’ (Al-Mawadda Party). বিভিন্ন শ্রেণির মহিলাদের একছাতার নীচে এনে, সমাজে, রাজনীতিতে সক্রিয় ভূমিকায় তুলে ধরাই লক্ষ্য় এই রাজনৈতিক দলের। আরবিতে Al-Mawadda বলতে সহানুভূতি, ভালবাসা ও শ্রদ্ধা বোঝায়। (First Women’s Political Party in Iraq)

তবে রাতারাতি যেমন ভাবা, তেমনি কাজ হয়নি। বরং দীর্ঘ সময় পুরুষতান্ত্রিক, রক্ষণশীল রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে দেশের মহিলা রাজনীতিক তথা সমাজকর্মীদের। অনেক আগে আবেদন জানানো হলেও, দু’বছর অপেক্ষার পর রাজনৈতিক জল হিসেবে আত্মপ্রকাশের অনুমোদন পেল Al-Mawadda Party.

Al-Mawadda Party-র প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক  জিহান-আল-তেই বলেন, “ইরাকের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মহিলা। কিন্তু সমাজে মহিলারা কোণঠাসা। সিদ্ধান্তগ্রহণের যাবতীয় অধিকার এখনও পুরুষদেরই। মহিলাদের সমাজের অগ্রভাগে তুলে আনতেই এই রাজনৈতিক দল।” 

জিহান জানিয়েছেন, তাঁদের কোনও রাজনৈতিক প্রচারে যেতে হয়নি। আপনা থেকেই দলে দলে মহিলারা এসে যোগ দিয়েছেন। নিজেদের লক্ষ্যপূরণে, প্রয়োজনীয়তা অনুভব করেই এগিয়ে এসেছেন সকলে। 

ইরাকের আইন অনুযায়ী, কোনও রাজনৈতিক দলের মোট সদস্যের এক তৃতীয়াংশ অন্তত পুরুষ হতে হবে। সেই নিরিখে Al-Mawadda Party-র সদস্যতা নিয়েছেন অনেক পুরুষও। ইরাকের সর জায়গার মানুষ এই দলের সদস্যতা গ্রহণ করেছেন। এমনকি কুর্দিস্তানের লোকজনও। দলের সদর দফতর বাগদাদ। লিঙ্গের নিরিখে বৈষম্য, অত্যাচারের বিরুদ্ধে সরব দলটি। চলতি বছরের জানুয়ারি মাসে ইরাকের সংসদে একটি আইন পাস হয়েছে, যেখানে ন’বছর বয়সি মেয়েদের বিয়েতে অনুমতি দেওয়া হয়েছে। ধর্মীয় সংস্থা বা নেতারা এমন বিয়েতে সম্মতি দিতে পারবেন।  ইরাকের মহিলারা গোড়া থেকে এর বিরোধিতা করে আসছেন। বাল্যবিবাহের মোড়কে আসলে শিশুদের ধর্ষণকে বৈধতা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। এ নিয়ে মহিলাদের রাজনৈতিক দল আগামী দিনে কতটা সক্রিয় হয়, তাও দেখার।

(Feed Source: abplive.com)