ট্রাম্পের শুল্ক-চাপের মধ্যেই ‘বন্ধু’ পুতিনের সঙ্গে ‘ভাল’ আলোচনা প্রধানমন্ত্রী মোদির, কী জানালেন

ট্রাম্পের শুল্ক-চাপের মধ্যেই ‘বন্ধু’ পুতিনের সঙ্গে ‘ভাল’ আলোচনা প্রধানমন্ত্রী মোদির, কী জানালেন

নয়াদিল্লি : রাশিয়ার তেল কেনার জন্যই ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে সোশাল মিডিয়া তিনি জানান, “খুব ভালো ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে।” উভয় দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার কথা হয় তাঁদের মধ্যে। এর পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা জানানোয় রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। ইউক্রেনের সর্বশেষ ঘটনাবলী শেয়ার করে নেওয়ার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচির উন্নতি পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত সম্পকর্কে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এই বছরের শেষের দিকে ভারতে প্রেসিডেন্ট পুতিনের আতিথ্যের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমের দেশগুলি মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ভারত ২০২২ সাল থেকে সস্তা দামে রাশিয়ান তেল কিনছে।

(Feed Source: abplive.com)