
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগরদোলায় বিপত্তি! নাগরদোলায় চড়ার সময় কেবিন থেকে পড়ে গেলেন এক মহিলা। তবে নীচে পড়লেন না। ৩০ ফিট উপরে ঝুলতে থাকলেন তিনি। ভয়াবহ সেই মুহূর্তটি ধরা পড়েছে ভিডিয়োয়। ভয়ংকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভাটাপাড়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, চলন্ত ফেরিস হুইল থেকে শূন্যে ঝুলছেন ওই মহিলা। কেবিনে ফিরে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পারছেন না। হুইলটি একটু নীচের দিকে ডেকের কাছে নেমে আসতেই, তিনি একবার চেষ্টা করেন ডেকে নেমে পড়ার। কিন্তু, ডেকে নামার আগেই হুইলটি আবার উঠতে শুরু করে। আর ওই মহিলাও আবার ঝুলন্ত অবস্থায় উপরে উঠে যান।
ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলতে থাকেন ওই মহিলা। শেষে একজন কর্মী কোনও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ওই মহিলার সাহায্যে ছুটে আসেন। তাঁর দিকে তাঁর হাত বাড়িয়ে দেন। তিনি ওই মহিলাকে নীচের কেবিনে লাফিয়ে পড়ার নির্দেশ দেন। শেষে ওই কর্মীর সাহায্যেই ওই মহিলা নিরাপদে লাফিয়ে নীচের কেবিনে উঠতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার ভিডিয়ো করেন। মর্মান্তিক এই ফুটেজটি এখন ভাইরাল। ৩০ ফুট উঁচু থেকে পড়ে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি থেকে কোনওরকমে রক্ষা পান ওই মহিলা। দেখুন সেই শকিং ভিডিয়ো-
(Feed Source: zeenews.com)
