
অবিলম্বে রাস্তা থেকে সমস্ত পথ পকুকুরদের সরিয়ে ফেলতে হবে, হাইকোর্টের এই রায় শুনে রীতিমতো স্তম্ভিত সকলে। এই রায়ের বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই। এবার নিজের বাড়ির দেশি কুকুরের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় একটি নোট লিখলেন ভূমি পেডনেকর।
ভূমি যে ছবিগুলি পোস্ট করেছেন তাই সব কটি জুড়েই রয়েছে তাঁর পোষ্য ব্রুনোর ছবি। কখনও একটি ছবিতে ব্রুনোকে আদর করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে আবার অন্য ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে ব্রুনোর দুষ্টুমি। একজন এত বড় মাপের অভিনেত্রী হওয়া সত্বেও তিনি যে কোনও বিদেশি কুকুর না রেখে বাড়িতে একটি দেশি কুকুর রেখেছেন, তা দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।
ব্রুনোর ছবিগুলি পোস্ট করে ভূমি লেখেন, ‘আমার ব্রুনো বাবা মাত্র ৪ মাস বয়সে আমার জীবনে এসেছিল। ওকে যখন খুঁজে পাওয়া গিয়েছিল ও তখন মারাত্মকভাবে আহত ছিল। বিচ্ছিন্ন চোয়াল, পুড়ে যাওয়া লেজ, সব মিলিয়ে ভয়ানক অবস্থা ছিল। তবে ব্রুনো ভীষণ দয়ালু, হাসিখুশি এবং সবাইকে আগলে রাখতে ভীষণ ভালোবাসে।’
ভূমি লেখেন, ‘দিল্লির প্রায় তিন লাখ কুকুরকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট। কিন্তু আমার ভেবে অবাক লাগে ব্রুনো এবং ওর মতো সমস্ত দেশি কুকুর যারা নিজেদের বাড়ি বলে রাস্তা ছাড়া আর কিছু জানে না। বিগত কয়েক দশক ধরে এই কুকুরগুলি আমাদের জীবনের অন্যতম অংশ হয়ে উঠেছে।’
অভিনেত্রী লেখেন, ‘আমাদের সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটি অন্যতম অংশ হলো এই কুকুর। আপনি যদি মহাভারত, ঋকবেদ বা উপনিষদ পড়েন তাহলে আপনি কুকুরের অস্তিত্ব দেখতে পাবেন সেখানে। এত কুকুরকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে কোনও সমাধান হবে না, উল্টে এটা একটা নিষ্ঠুরতা পরিচয় দেওয়া হবে।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক কুকুরের প্রতি আমার সহানুভূতি। ন্যায় বিচার হোক এটাই কামনা করি। যারা প্রতিনিয়ত আমাদের সুরক্ষার জন্য চিন্তা করে তাদের সুরক্ষার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে।’
(Feed Source: hindustantimes.com)
